পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সাড়ে তিন কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক বাদী হয়ে আজ বুধবার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১–এ মামলা দুটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, মোতালেব হোসেন ২০০৪ সালের ১১ মার্চ থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত ৭৪ লাখ ২৬ হাজার ৫৪৯ টাকার সম্পদ অর্জন করেন। তিনি দুদকে জমা দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে ১০ লাখ ৭৯ হাজার ৩৭৮ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। এ ছাড়া জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ৪১ লাখ ২৩ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জন করে ভোগদখল করেন। দুর্নীতি দমন কমিশন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অন্য মামলার অভিযোগে বলা হয়, মোতালেব হোসেনের স্ত্রী ইসরাত জাহান ২০০৯ সালের ৮ অক্টোবর থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত ৩ কোটি ৮ লাখ ১০ হাজার টাকার সম্পদ অর্জন করেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ৯৯ লাখ ৯৮ হাজার ২৫৬ টাকার সম্পদের তথ্য গোপন করেন। সব মিলিয়ে তিনি জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ৩ কোটি ৮ লাখ ১০ হাজার টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়।