পাসপোর্ট অফিস দুর্নীতিমুক্ত করার দাবি
পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস দুর্নীতিমুক্ত করার দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করা হয়েছে। শহরের পাড়েরহাট সড়কে পাসপোর্ট অফিসের সামনে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
টিআইবির সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সুশাসনের জন্য নাগরিক (সুজন), উদীচী শিল্পীগোষ্ঠী, বেসরকারি সংস্থা গণ উন্নয়ন সমিতি, ওয়ার্ল্ড ভিশন, টিআইবির স্বজন ও ইয়েস সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সনাকের সভাপতি এম এ মান্নান, সুজনের সভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাসিম আলী, সনাকের সহসভাপতি শহিদুল্লাহ খান, পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাতোয়ারা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, পাসপোর্ট অফিসে যাঁরা সেবা নিতে আসেন, তাঁদের অধিকাংশই সাধারণ মানুষ। হজসহ বিভিন্ন তীর্থযাত্রী, চিকিৎসাপ্রত্যাশী, নিম্ন আয়ের বিদেশগামী শ্রমিক পাসপোর্ট পেতে অতিরিক্ত অর্থ দেওয়াসহ নানা ধরনের হয়রানির শিকার হন। কতিপয় কর্মচারীর পৃষ্ঠপোষকতায় স্থানীয় দালালের কারণে মানুষ পাসপোর্ট পেতে ভোগান্তিতে পড়ছেন। অবিলম্বে পাসপোর্ট অফিসের দুর্নীতি বন্ধ করতে দাবি জানান বক্তারা।
মানববন্ধনের শেষ পর্যায়ে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক খয়রাত হোসেন মানববন্ধনে উপস্থিত হয়ে তাঁদের অবস্থান তুলে ধরে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত নন।