পাসপোর্ট অফিসে অভিযান, ২০ দালালকে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ২০ জন দালালকে সাজা দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন মানিক সিকদার, মো. জীবন, মো. মনির, শহীদুল ইসলাম, নাইম মিয়া, বাচ্চু মিয়া, জাহাঙ্গীর হোসেন, মিলন মিয়া, মো. সোলাইমান, আক্তার মিয়া, ইসমাইল হোসেন, সোহাগ মিয়া, রহমত উল্লাহ, আবদুল মালেক, মো. রাসেল, লিটন মিয়া, আবুল কাশেম, রিয়াজুল ইসলাম, মতিউর রহমান ও বদরুজ্জামান চঞ্চল। তাঁদের মধ্যে বদরুজ্জামানকে তিন মাসের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন আদালত। বাকি ১৯ জনের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-২-এর একটি দল আজ বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালান। এ সময় হাতেনাতে ওই ২০ জনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী হাকিম আনিসুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাসপোর্ট অফিসের সামনে একটি সংঘবদ্ধ চক্র পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, ব্যাংকে ফি জমা, ফরম সত্যায়নসহ অল্প সময়ে পাসপোর্ট দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। তাঁদের প্রস্তাবে রাজি না হলে পাসপোর্ট প্রার্থীদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। দালালদের তৎপরতা বন্ধ করতে পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু দালালদের দ্বারা সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র‌্যাব নিয়মিত গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় আজ অভিযান পরিচালিত হয়।