পাসপোর্ট অফিসের সাত দালালকে বিভিন্ন মেয়াদে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালিয়ে সাতজন দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। একজন নির্বাহী হাকিমের নেতৃত্বে গত বৃহস্পতিবার দুপুরে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-৯) এ অভিযান পরিচালনা করে। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হচ্ছেন: সিলেটের জকিগঞ্জের আটগ্রামের মো. নুরুল ইসলাম, একই উপজেলার উত্তরকুল গ্রামের আবদুল কাদির ও মো. আজিজ, সিলেট নগরের শেখঘাটের তারেক রহমান, বিশ্বনাথের কাওছার আহমেদ, গোলাপগঞ্জের আবদুল কাইয়ুম এবং মৌলভীবাজারের সালিসপুরের বিল্লাল আহমদ।র্যা ব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অবস্থান করে পাসপোর্ট গ্রহণকারীদের সহজে পাসপোর্ট করাসহ নানাভাবে প্রতারণাপূর্বক দালালি করার অভিযোগে সাতজনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিদের ‘টাউট আইন, ১৮৭৯’-এর ৬ ধারায় দোষী সাব্যস্ত করে বিল্লাল আহমদকে ৫০০ টাকা জরিমানাসহ সাত দিন এবং বাকি ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।