পাসপোর্ট কার্যালয়ে অভিযান সাত দালালকে সাজা
মৌলভীবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সদস্যকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্বাহী হাকিম জিনাত জাহানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।সূত্র জানায়, পাসপোর্ট করতে আসা লোকজনকে দালাল চক্রের হয়রানি থেকে মুক্ত রাখতে গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে কালেক্টরেট ভবনে স্থাপিত আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দালাল চক্রের সাত সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে নুরুল ইসলাম (২৫), শাহাবুদ্দিন (১৬), সুব্রত দে (৩৮) ও আবদুল জলিলকে (৬৫) সাত দিনের বিনাশ্রম জেল ও ৫০০ টাকা করে জরিমানা এবং বদরুল ইসলাম (২০), শফিক মিয়া (২২) ও শাখাওত খানকে (৩৫) ৫০০ টাকা করে জরিমানা করা হয়। কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু পাসপোর্ট-সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়েছে। নির্বাহী হাকিম জিনাত জাহান প্রথম আলোকে জানান, চারজনকে জেল-জরিমানা এবং তিনজনকে শুধু জরিমানা করা হয়েছে।