কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার জেলা পাসপোর্ট কার্যালয়ে আকস্মিক অভিযান চালিয়ে চারজন দালালকে আটক করে। তাঁদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। আদালত ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের নির্বাহী হাকিম ইমরুল কায়েসের নেতৃত্বে র্যাব-৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা গতকাল বেলা ১১টার দিকে পাসপোর্ট কার্যালয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় শহরের হয়বতনগর এলাকার খায়রুজ্জামান (২৬), একই এলাকার আল মামুন (২২), হারুয়া এলাকার সাজু মিয়া (২২) ও আখড়া বাজার এলাকার এনায়েত হোসেনকে (২৩) আটক করেন। তাঁদের কাছ থেকে পাসপোর্টের ফরম, ফি জমা দেওয়ার রসিদসহ অন্যান্য কাগজপত্র পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। র্যাব-৯-এ কর্মরত সহকারী পুলিশ সুপার মো. গোলাম রুহুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে পাসপোর্ট কার্যালয়ে দালাল চক্রের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার অভিযোগে আকস্মিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলার হাওরাঞ্চলসহ ১৩টি উপজেলার বহু মানুষ পাসপোর্ট করতে এসে প্রতিদিন দালাল চক্রের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাসপোর্ট পেতে বিলম্বসহ নানাভাবে তাঁরা হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।