পাসপোর্ট কার্যালয়ের ভবন নির্মাণে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থান নির্বাচন ও জমি অধিগ্রহণ করতে না পারায় দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের নিজস্ব ভবন নির্মাণকাজ শুরু করা যায়নি। আগামী বছরের জুনের মধ্যে কাজ শেষ করতে না পারলে ভবনের জন্য বরাদ্দ পাঁচ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার টাকা ফেরত যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়ের একটি সূত্র জানায়, জমি অধিগ্রহণ-প্রক্রিয়া শেষ করতে অন্তত তিন মাস সময় লাগবে। এ ছাড়া মালিক জমি দিতে চাইছেন না। তিনি অধিগ্রহণের বিরুদ্ধে মামলা করলে সে ক্ষেত্রে ভবন নির্মাণ অনিশ্চিত হয়ে পড়বে।গণপূর্ত বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী নজিবর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ’ প্রকল্প চলতি বছর ৩ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদন পায়। এ জন্য ১০৩ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা গেছে, ভবন নির্মাণের জন্য চলতি বছর মার্চে শহরের কালুর মোড় এলাকার ২৬৩২ নম্বর খতিয়ানের তিনটি দাগ থেকে ব্যক্তিমালিকানাধীন ৩৩ শতাংশ জমি অধিগ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসককে বলা হয়েছে। কিন্তু সাবেক জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশে পাসপোর্ট কার্যালয় রাখার পক্ষে ছিলেন। তাই কালুর মোড়ে ওই জমি তখন অধিগ্রহণ করা হয়নি।এরপর গত জুনে গণপূর্ত কার্যালয় অধিগ্রহণের জন্য একাধিক সরকারি জমির নকশাসহ প্রস্তাব আকারে তৎকালীন জেলা প্রশাসকের কাছে তুলে ধরে। কিন্তু ওই সব জমি থেকে স্থান চূড়ান্ত করতে না পারায় ভবন নির্মাণকাজ শুরু করা যায়নি। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নাগরিকেরা এই কার্যালয় থেকে পাসপোর্ট করতে পারেন। সরেজমিনে দেখা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের চারটি কক্ষে পাসপোর্ট কার্যালয়ের কাজ চলছে। এই কার্যালয়ে কোনো ভান্ডারকক্ষ ও শৌচাগার নেই।গত মঙ্গলবার জেলা প্রশাসক শামীম আল রাজী বলেন, কালুর মোড়ে ব্যক্তিমালিকানাধীন ৩৩ শতাংশ জমি অধিগ্রহণের সম্মতি দেওয়া হয়েছে গত ৭ ডিসেম্বর। অধিগ্রহণ-প্রক্রিয়া শেষ হলে ভবন নির্মাণকাজ শুরু করা যাবে।পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার তাজুল ইসলাম বলেন, জমিটি নির্বাচন করা হয়েছে, এর মালিক জমি দিতে রাজি নন মর্মে জানিয়েছেন। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। ২০১৩ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শুরু করা না গেলে প্রকল্প বাতিল হয়ে বরাদ্দকৃত টাকা ফেরত যাবে।