পাসপোর্ট দালাল চক্রের ২২ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরের সামনে গতকাল বৃহস্পতিবার ২২ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। এঁদের মধ্যে সাতজনকে চার মাস করে, সাতজনকে এক মাস করে, তিনজনকে ১০ দিন করে ও পাঁচজনকে সাত দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন মো. মিসবাউল হক (২৯), মো. লিটন (৪৪), মো. জিন্নাত ফরাজী (৩০), মো. আক্তার হোসেন (৫০), বিশ্বনাথ বসু (৪৮), মো. আকবর হোসেন (৬৯), মো. রফিকুল ইসলাম (২৫), মো. ছাদেক (২১), মো. হাসান (২৫), মো. আক্তার হোসেন (৩২), মো. নবী হোসেন (২৬), মো. জাহিদ হোসেন (২৩), মো. রাজীব (২৭), মো. হাসিব উদ্দিন (২২), মো. বাবুল (৬৫), মো. শফিকুল ইসলাম (৫৭), মো. মনির (৫২), মো. সোহেল (১৮), মো. রাকিব হোসেন (২১), মো. জাহিদ হোসেন (২৩), মো. মানিক শিকদার (২৮), মো. সুমন (২৫)।
র্যা বের সূত্র বলেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলালউদ্দিনের নেতৃত্বে র্যা বের ভ্রাম্যমাণ আদালত আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরের সামনে অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ২২ জনকে গ্রেপ্তার করেন। অভিযানে র্যা ব-২-এর একটি দল অংশ নেয়। র্যা বের ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলালউদ্দিন বলেন, দণ্ডাদেশপ্রাপ্তদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, পাসপোর্ট করতে আসা লোকজনকে নানাভাবে উত্ত্যক্ত করছিলেন দালালেরা। কম সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দালালেরা কৌশলে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছিলেন। কিন্তু টাকা নিলেও তাঁরা পাসপোর্ট তৈরি করার ব্যবস্থা করতেন না।