পাসপোর্ট নিয়ে ভোগান্তি কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা সাড়ে ১১টা। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের ফটকের সামনে দাঁড়ানোর ৩০ সেকেন্ডের মধ্যে অপরিচিত এক লোক পাশে এসে দাঁড়ালেন। বললেন, ‘মামু কাজ থাকলে কইয়েন। আমরা তো আছি। ফরম ফিলাপ থ্যেইক্যা শুরু কইরা এ-টু-জেড কমপিলিট কইরা দিমু। চিন্তা কইরেন না।’
আগারগাঁও পাসপোর্ট অফিসে প্রবেশের আগে এভাবেই পাসপোর্ট করতে আসা লোকজনকে পড়তে হচ্ছে দালালের খপ্পরে। ভবনের মূল ফটকে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গেই দালালেরা দাঁড়িয়ে থাকেন। দ্রুত ও ঝামেলাহীনভাবে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে লোকজনকে প্রলুব্ধ ও বিরক্ত করেন। কেউ রাজি হলেই মওকা বুঝে বাড়িয়ে নেন বাড়তি টাকা। ভোগান্তিতে পড়তে হয় পাসপোর্ট করতে এসে।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুইটা পর্যন্ত পাসপোর্ট অফিসের সামনের রাস্তা, ভবনের নিচতলা, পাসপোর্ট ভবনের সামনে সরেজমিনে দেখা গেছে দালালদের তৎপরতার এ চিত্র। এ সময় অন্তত ২০ জন দালাল এসে ‘মামা, কম সময়ে করায় দেব’, ‘ভাই, কোনো ঝামেলা?’ ‘মামা, সাহায্য লাগবে?’ এমন হরেক রকম প্রশ্ন ও প্রস্তাব নিয়ে আসেন। এমনকি দায়িত্বরত দুজন আনসার সদস্য পর্যন্ত ‘লোক আছে, পাসপোর্ট করায় দেওয়া যাবে’ বলে প্রস্তাব দেন।
হাতে লেখা একটি পাসপোর্ট জরুরি ভিত্তিতে যন্ত্রে পাঠযোগ্য (এমআরপি) করতে হবে বলে অন্তত ১০ জন দালালের সঙ্গে কথা হয়। তাঁরা সবাই দুই থেকে সর্বোচ্চ তিন দিনের মধ্যে এমআরপি করে দেওয়া সম্ভব বলে দাবি করেন। এ জন্য সাড়ে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা খরচ লাগবে বলে জানান। জরুরি পাসপোর্টের সরকার নির্ধারিত ফি ৬ হাজার ৯০০ টাকা।
দালালদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের মুঠোফোন নম্বরে ফোন দিলেই হবে। তাঁরা আশপাশেই থাকেন। প্রতিদিন সকালে তাঁরা চলে আসেন। ফরম পূরণ থেকে শুরু করে তাঁরা পাসপোর্ট হাতে দেওয়ার আগ পর্যন্ত সব কাজই করে দেন। এ কাজের জন্য সুযোগ বুঝে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে ১৫ হাজার টাকা করে নেন।
নিজের মুঠোফোন নম্বর দিয়ে সোহেল নামের এক দালাল বলেন, ‘সরকারি ফির বেশি যা নেই তার অল্পই আমাদের থাকে। বেশির ভাগই চলে যায় পাসপোর্ট অফিসের লোকজন ও আনসার সদস্যের কাছে। পুলিশ ভেরিফিকেশন ছাড়াই কাজ করায় দেওয়া যায়।’
মহাখালী থেকে পাসপোর্ট করতে আসা ইয়াসিন নামের এক ব্যক্তি অভিযোগ করেন, ফরম জমা দিতে গেলে কর্মকর্তারা ‘ভুল আছে’ বলে ঠিক করে নিয়ে আসতে বলছেন। কিন্তু কোথায় ভুল তা বলে দিচ্ছেন না। ফলে বাইরে এসে দালালের আশ্রয় নিতে হচ্ছে। এ ধরনের অভিযোগ করেছেন একাধিক ব্যক্তি।
দালাল চক্রে নারীরাও আছেন। একজন নারী দালাল দুই ব্যক্তির পাসপোর্ট জরুরি ভিত্তিতে নবায়ন করিয়ে দেবেন বলে টাকা নিয়েছেন। তাঁর পিছু নিয়ে দেখা যায়, তৃতীয় তলার আবেদন জমা দেওয়ার নির্দিষ্ট কাউন্টারের সামনে দীর্ঘ সারি। কিন্তু ওই নারী দালাল কাউন্টারের পেছনে বন্ধ দরজায় টোকা দিতেই তাঁকে ভেতরে ডেকে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর তিনি হাসিমুখে বেরিয়ে আসেন।
মিরপুর থেকে পাসপোর্ট করাতে আসা মো. ইব্রাহিম বলেন, ‘গেটে ঢোকার মুখ থেকে দালালেরা পেছনে লাগছে। দালালেরা ভেতরে ঢুকছে, ঘুরছে। আনসারদের সঙ্গে কথা বলছে। এসব কি দেখার কেউ নেই।’
দালালেরা পাসপোর্ট অফিসের বিপরীত পাশে রাস্তার পাশে গড়ে ওঠা খাবারের দোকান, চায়ের দোকান, ফটোকপি ও কম্পিউটারের দোকানগুলোকে নিজেদের কার্যালয়ের মতো ব্যবহার করছেন।
দালালদের তৎপরতা সম্পর্কে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এন এম জিয়াউল আলম প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন পরপর ভ্রাম্যমাণ আদালত দালালদের বিরুদ্ধে অভিযান চালায়। যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের আগে কিছু করার উপায় নেই। তাই কর্মকর্তাদের দালালদের সঙ্গে জড়িত থাকার অভিযোগটি সঠিক নয়। আনসার সদস্যদেরও টাইম টু টাইম পরিবর্তন করা হয়। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলব। দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’
গত বৃহস্পতিবার পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালান র্যা বের ভ্রাম্যমাণ আদালত। র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন এ সময় ২২ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। কিন্তু তাতেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এখনো পাসপোর্ট অফিসে এসে লোকজনকে নিয়মিতই দালালদের খপ্পরে পড়তে হচ্ছে।