পাসপোর্ট নিয়ে দুদকের গণশুনানি ৩০ আগস্ট
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ওপর গণশুনানি করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অধিদপ্তরের আওতাধীন আগারগাঁওয়ের প্রধান কার্যালয়, উত্তরা ও যাত্রাবাড়ী আঞ্চলিক কার্যালয়ের কর্মকাণ্ড নিয়ে এ শুনানি হবে।
দুদক সূত্র জানিয়েছে, ৩০ আগস্ট মঙ্গলবার আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে এ শুনানি অনুষ্ঠিত হবে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের এ তিনটি কার্যালয়ে পাসপোর্ট ইস্যু, সংশোধন, নবায়ন, পাসপোর্ট ডেলিভারি, বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ বৃদ্ধি, শরণার্থীদের আইডি কার্ড ইস্যু, অ্যারাইভাল ভিসা ইস্যু ইত্যাদি ক্ষেত্রে কেউ দুর্নীতি, হয়রানি বা অন্য কোনো ধরনের ভোগান্তির শিকার হলে শুনানিতে তা তুলে ধরতে পারবেন। সেখানে দুদক ও পাসপোর্ট অধিদপ্তরের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) জরিপে দেখা গেছে, পাসপোর্ট নিতে গিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি ও হয়রানির শিকার হন মানুষ।
যাঁরা ওই শুনানিতে অংশ নিয়ে অভিযোগ তুলে ধরতে চান তাঁদের আগে থেকেই দুদকে নাম তালিকাভুক্ত করতে হবে। নাম তালিকাভুক্ত করতে আগ্রহীদের ২৮ আগস্টের মধ্যে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর উপপরিচালকের (টেলিফোন নম্বর ৯৩৫৮৯৬৬ এবং মোবাইল নম্বর ০১৮১৬৭২৬৯৫৯) সঙ্গে প্রয়োজনীয় তথ্য বা উপাত্তসহ যোগাযোগ করার জন্য কমিশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া ঢাকার মতিঝিল, উত্তরা, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ তেজগাঁও, ওয়ারী অঞ্চলের দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদকের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করা যাবে বলে দুদকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখান থেকে সুনির্দিষ্ট অভিযোগগুলো বাছাই করে গণশুনানির দিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরা হবে। অভিযোগ দেওয়ার কারণে গণশুনানির পরবর্তী সময়ে অভিযোগদাতারা যাতে কোনো হয়রানির মুখোমুখি না হন সে বিষয়ে দুদকের পক্ষ থেকে বিষয়টি নিয়মিতভাবে নজরদারি করা হবে বলে সংস্থাটি জানিয়েছে।
সরকারি দপ্তরগুলোতে সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণশুনানির আয়োজন করে থাকে দুদক। এর আগে ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), সাব-রেজিস্ট্রার অফিসসহ একাধিক দপ্তর নিয়ে গণশুনানি করেছে সংস্থাটি। ঢাকার বাইরে ময়মনসিংহের মুক্তাগাছা, ঢাকার সাভার, কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সংস্থার পক্ষ থেকে গণশুনানির আয়োজন করা হয়। এসব শুনানিতে ভুক্তভোগীরা তাঁদের অভিযোগ পেশ করেন। উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অভিযোগ অনুসারে সমাধান বাতলে দেন। কোনোটিতে দেন সমাধানের প্রতিশ্রুতি।