পাসপোর্ট বইয়ের মান নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাসপোর্ট
পাসপোর্ট

যন্ত্রে পাঠযোগ্য (এমআরপি) দেড় কোটি পাসপোর্ট বই সরবরাহের জন্য একটি ব্রিটিশ কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। তবে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেছেন, নমুনা পাসপোর্টে ৩৬টি নিরাপত্তাসূচক বৈশিষ্ট্যের মধ্যে আটটি না দিতে পারলেও ওই ব্রিটিশ কোম্পানিকেই কাজটি দেওয়া হয়েছে। পাসপোর্ট বইয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।সূত্র জানায়, অনিয়ম করে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার স্বার্থ রক্ষার জন্য ডে লা রু নামের ওই ব্রিটিশ প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। ১২ জুন পাসপোর্ট অধিদপ্তর এবং ডে লা রুর মধ্যে চুক্তি সই হয়। চুক্তির পরপরই ২১ লাখ বই সরবরাহের জন্য প্রতিষ্ঠানটিকে ৩৮ কোটি টাকা অগ্রিম দেওয়া হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনিয়ম করে পাসপোর্ট সরবরাহের কার্যাদেশ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবেদরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও অধিদপ্তরের পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোথাও কোনো অনিয়ম হয়নি। বিধি মেনেই চুক্তি হয়েছে, কার্যাদেশও দেওয়া হয়েছে। বই আমদানির জন্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইতিমধ্যে ঋণপত্র (এলসি) খুলেছে বলে তিনি জানান।

এমআরপি প্রকল্পের কর্মকর্তাদের বক্তব্য ও হাতে আসা কাগজপত্রের তথ্য অনুযায়ী, দেড় কোটি পাসপোর্ট বই ও ল্যামিনেশন সরবরাহের জন্য গত বছরের ২ সেপ্টেম্বর দরপত্র ডাকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। এতে ১৮টি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও জমা দেয় মাত্র আটটি প্রতিষ্ঠান। ওই সময় অনেক প্রতিষ্ঠান অভিযোগ করেছিল, বিশেষ কোনো প্রতিষ্ঠানকে সুবিধা দিতে এতে অস্বচ্ছ ও ত্রুটিপূর্ণ শর্ত ছিল। কাগজপত্রে ত্রুটি থাকায় শুরুতেই একটি প্রতিষ্ঠান বাদ পড়ে। ২৬৭ কোটি ৫৬ লাখ টাকা দর দিয়ে সর্বনিম্ন দরদাতা হয় ডে লা রু। ৩০০ কোটি টাকায় কাজটি করতে চেয়ে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হয় পোল্যান্ডের প্রতিষ্ঠান পিডব্লিউ পিডব্লিউ। তার আগে আটটি প্রতিষ্ঠান তাদের নমুনা পাসপোর্ট জমা দেয়। এগুলো পরীক্ষার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেসে পাঠানো হয়।

ফলাফলে দেখা যায়, বাংলাদেশের পাসপোর্টে যে ৩৬টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে ডে লা রুর নমুনায় আটটি নেই। আর পিডব্লিউ পিডব্লিউর নমুনাতে নেই দুটি। দরপত্র মূল্যায়ন কমিটির প্রতিবেদনে বলা হয়, পাসপোর্টের সব কটি নিরাপত্তা বৈশিষ্ট্য নিশ্চিত না করে সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়া যাবে না। এমআরপি প্রকল্পের কর্মকর্তারা বলছেন, পূর্ণাঙ্গ (৩৬টি) নিরাপত্তা বৈশিষ্ট্য-সংবলিত পাসপোর্ট বইয়ের নমুনা হাতে পাওয়ার আগেই ১২ জুন ডে লা রুর সঙ্গে চুক্তি করা হয়।

অভিযোগ, মুদ্রার কাগজ সরবরাহে অনিয়মের অভিযোগে ভারতে কালো তালিকাভুক্ত হয় ডে লা রু। কিন্তু পাসপোর্ট সরবরাহের দরপত্রে ডে লা রু এই তথ্য গোপন করে। জানতে চাইলে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান প্রথম আলোকে বলেন, ‘নমুনা পাসপোর্ট আমি হাতে পাইনি। এ ব্যাপারে আমি কিছুই জানি না।’

পাসপোর্ট অধিদপ্তরের একাধিক সূত্র জানায়, দরপত্র-সংক্রান্ত বিধিমালার ৫(৬) ধারা অনুযায়ী, দরপত্র জমাদানকারী কোনো দুর্নীতি, প্রতারণা বা অন্য কোনো কারণে অযোগ্য ঘোষিত হতে পারবে না। ৫(৭) ধারা অনুসারে জমাদানকারী অতীতে ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহের কারণে সাজাপ্রাপ্ত হতে পারবে না। কিন্তু ডে লা রুর ক্ষেত্রে এসব ঘটেছে। ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহ ও মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগে ভারত সরকার প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করে। এ কোম্পানি দরপত্র চেয়ে যে আবেদনপত্র (টেন্ডার সাবমিশন লেটার) দাখিল করে, তাতে বলা হয়, কোম্পানির দুর্বল কার্যক্রম ও অসম্পন্ন চুক্তির কোনো রেকর্ড নেই। অথচ প্রতিষ্ঠানটির পণ্য উৎপাদনে মারাত্মক অনিয়মের অভিযোগ আছে। কিন্তু চিঠিতে এসবের উল্লেখ করা হয়নি। এটাও দরপত্রের শর্ত ভঙ্গ বলে আইনে বিবেচিত।

ডে লা রুর বিরুদ্ধে এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রতিনিধি মনির আহমেদ বলেন, তাঁদের প্রতিপক্ষ পিডব্লিউ পিডব্লিউ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত অভিযোগ করে। কিন্তু তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন, এর কোনো সত্যতা নেই। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, একটি প্রতিষ্ঠান এ নিয়ে দুটি রিট ও দরপত্র নিয়ে আপিল কমিটির কাছে অভিযোগ করেছিল। কিন্তু সব আদালত সে অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত সদস্যের একটি দল ডে লা রু কার্যালয় পরিদর্শনের পরই কার্যাদেশ দিয়েছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দেশে ই-পাসপোর্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৬ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভায় ই-পাসপোর্ট-সংক্রান্ত কমিটি গঠন করা হয়। ই-পাসপোর্টের ভেতরে থাকবে মোবাইলের মতো চিপস। এতে সব তথ্য থাকবে।

পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা মনে করেন, আগামী দুই বছরের মধ্যে দেশে ই-পাসপোর্ট চালু করা যাবে। তাঁরা বলেন, বর্তমান ব্যবস্থায় বছরে ৩০ লাখের বেশি এমআর পাসপোর্ট দেওয়া সম্ভব নয়। এতে করে যে দেড় কোটি পাসপোর্ট আমদানি করা হচ্ছে, তা শেষ হতে পাঁচ বছর সময় লাগবে। কিন্তু দুই বছর পর ই-পাসপোর্ট চালু হলে এসব বই আর কোনো কাজে লাগবে না।

এত বিপুল পরিমাণ বইয়ের কার্যাদেশ দেওয়ার ব্যাপারে জানতে চাইলে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মন্তব্য করতে রাজি হননি। তবে অধিদপ্তরের পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পাসপোর্টের মজুত শেষ হয়ে যাচ্ছে। এখন আমাদের অনেক পাসপোর্টের দরকার। তাই আমরা কার্যাদেশ দিয়েছি।’