যন্ত্রে পাঠযোগ্য (মেশিন রিডেবল) এক লাখ পাসপোর্ট বাতিলের খবরে কক্সবাজারের মানুষ উদ্বিগ্ন। কারণ ইতিমধ্যে কক্সবাজারের আঞ্চলিক কার্যালয় থেকে প্রায় ৩৫ হাজার যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট সরবরাহ করা হয়েছে। এই পাসপোর্ট নিয়ে ২০ হাজারের বেশি মানুষ সৌদি আরব, দুবাই, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরি করছেন।গতকাল সোমবার সকালে সৌদি আরব থেকে (মুঠোফোনে) টেকনাফের বাসিন্দা কামাল উদ্দিন বলেন, ‘যন্ত্রে পাঠযোগ্য এক লাখ পাসপোর্ট বাতিলের খবরটি গত রোববারের প্রথম আলোর ইন্টারনেট সংস্করণে পড়েছি। এই খবরে সৌদিপ্রবাসী হাজার হাজার মানুষ আতঙ্কিত। এই বাতিল পাসপোর্ট কারও কাছে পাওয়া গেলে নাকি যাত্রা স্থগিত বা গ্রেপ্তার করা হবে।’কামাল উদ্দিন চরম হতাশায় বলেন, ‘পাঁচ মাস আগে আমার পাসপোর্টটি কক্সবাজার অফিস থেকে তৈরি করা হয়েছিল। এখন কি এই পাসপোর্ট নিয়ে বাংলাদেশ আসতে পারব না? নাকি গ্রেপ্তার করা হবে? বাতিল করা পাসপোর্টগুলোর নম্বর কি আপনাদের (সাংবাদিকদের) কাছে আছে? সরকারি ভুলের কারণে পাসপোর্ট বাতিল হলে, তার দায় আমাদের নিতে হবে কেন?’কক্সবাজার শহরের সি স্টার হোটেলের মালিক মোস্তাক আহমদ বলেন, ‘পরিবারের সদস্যদের নিয়ে আগামী ৭ আগস্ট (১৮ রমজান) ওমরা হজ পালনের জন্য সৌদি আরব রওনা হওয়ার কথা। ইতিমধ্যে ভিসাও হয়ে গেছে। কিন্তু সারা দেশের এক লাখ পাসপোর্ট বাতিলের ঘটনায় আমরা উদ্বিগ্ন।’গতকাল সোমবার দুপুরে কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে দেখা গেছে, শতাধিক মানুষ পাসপোর্ট বাতিলের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। অনেকে পাসপোর্ট অফিস থেকে সৌদি আরব, মালয়েশিয়ায় কর্মরত স্বজনদের ফোন করে খবরের সত্যতা নিশ্চিত করছেন।চকরিয়া উপজেলার কাকারা গ্রাম থেকে আসা গৃহবধূ তসলিমা আকতার (২৫) বলেন, ‘গত বছরের নভেম্বর মাসে এই অফিস থেকে যন্ত্রে পাঠযোগ্য একটি পাসপোর্ট সংগ্রহ করে আমার স্বামী দুবাই গেছেন। পাসপোর্ট বাতিলের খবর পেয়ে তিনি আমাকে এখানে পাঠিয়েছেন।’কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জাকের হোসাইন বলেন, ‘গত ১১ মাসে এই আঞ্চলিক কার্যালয় থেকে ৩৪ হাজার ৭৬৮টি যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট সরবরাহ করা হয়েছে। গতকাল ঢাকায় খোঁজ নিয়ে জেনেছি, পাসপোর্ট বাতিলের তালিকায় কক্সবাজার জেলার কেউ নাই। ঢাকা অফিস থেকে সংগ্রহ করা পাসপোর্ট থেকে ওই সব পাসপোর্ট বাতিল করা হয়েছে।’