পাসপোর্ট বানাতে গিয়ে পাকিস্তানি নাগরিক আটক
বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (মেশিন রিডেবল পাসপোর্ট-এমআরপি) বানাতে গিয়ে পাকিস্তানি এক নাগরিক ও তাঁর বাংলাদেশি সহযোগী আটক হয়েছেন।গতকাল মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তরে এ ঘটনা ঘটে। আটক পাকিস্তানি নাগরিকের নাম মোদাচ্ছির খান (৩৫)। তিনি লাহোরের বাসিন্দা। পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, মোদাচ্ছির খান দালালের মাধ্যমে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের আবেদন করেন। তিনি বেলা পৌনে দুইটার দিকে পাসপোর্ট গ্রহণ করতে গেলে এমআরপি শাখার কর্মীদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়ে মোদাচ্ছির ও তাঁর এখানকার সহযোগী আনোয়ারকে (৩০) আটক করে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করেন অধিদপ্তরের কর্মীরা।এমআরপির প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েতউল্লাহ প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে মোদাচ্ছির জানান, তিনি মরিশাসে ব্যবসা করেন। কিন্তু ওই দেশের নাগরিক হিসেবে পাসপোর্ট করতে না পেরে বাংলাদেশের নাগরিক হিসেবে পাসপোর্ট করার চেষ্টা করেছিলেন।