পাসপোর্ট সেবা সপ্তাহে ভোলায় সেবা নেই
সেবা সপ্তাহ শুরু হলেও ভোলার পাসপোর্ট কার্যালয়ে মানুষের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার গ্রাম থেকে শহরে পাসপোর্ট করতে আসা মানুষকে পাসপোর্ট কার্যালয় এক দিন পর গতকাল সোমবার আসতে বলেছে।
পাসপোর্ট অফিস থেকে ফিরে আসা কমপক্ষে ১০ জন মানুষের অভিযোগ, সারা বছরই খেয়াঘাট সড়কের পাসপোর্ট অফিসে দালালের উৎপাত থাকে। পাসপোর্ট-সংক্রান্ত কোনো কাজ দালাল করলে শত ভুল হলেও সব পাস হয়ে যায়। যখনই দালাল ছাড়া কেউ যান, তখনই ভুলের পাহাড় ধরা পড়ে কর্মী ও কর্মকর্তাদের চোখে। ভুলের অছিলায় মানুষকে ভোগান্তি দিচ্ছেন কর্মকর্তারা।
ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী গোলাম মোস্তফা জানান, তিনি রোববার সকালে পাসপোর্টের নামের সংশোধন করতে পাসপোর্ট অফিসে যান। অফিসের সহকারী পরিচালক (এডি) মো. সালেহউদ্দিন বলেন, ‘আজ কোনো কাজ হবে না। সময় লাগবে। পরে আগামীকাল (সোমবার) আসেন।’
ভোলার ইলিশা বাসস্ট্যান্ডের বাসিন্দা নুরে আলম বলেন, পাসপোর্ট অফিসে গিয়ে তাঁকে ফিরে আসতে হয়েছে। তাঁরা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। সবাইকে ও তাঁকে আজ সোমবার যেতে বলেছেন।
এসব অভিযোগ অস্বীকার করে ভোলা পাসপোর্ট অফিসের এডি মো. সালেহউদ্দিন বলেন, ‘দালালমুক্ত পাসপোর্ট অফিস করতে এই সেবা সপ্তাহ। তাঁরা সেবা দেওয়ার জন্য অপেক্ষা করছেন। অফিসে পাসপোর্টের কার্যক্রম চলছে। তবে আমাদের অফিসে পাসপোর্ট সপ্তাহ পালন করা নিয়ে একটি অনুষ্ঠান চলছিল। তবে কাউকে হয়রানি করা হয়নি।’