পাসপোর্টের জন্য পুলিশের প্রতিবেদন প্রত্যাহারের দাবি
পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশি যাচাই প্রতিবেদনের (ভেরিফিকেশন রিপোর্ট) বাধ্যবাধকতা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাংসদ রফিকুল ইসলাম। তিনি বলেন, পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক থাকায় নাগরিকেরা হয়রানির সম্মুখীন হচ্ছেন। প্রতি উপজেলায় একজন মাত্র পুলিশ কর্মকর্তার পক্ষে সত্যিকার ভেরিফিকেশন অসম্ভব হয়ে পড়ে।সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপজেলা চেয়ারম্যানদের পক্ষ থেকে একটি সভায় বলা হয়েছে, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উপজেলা সদরে বসেই ভেরিফিকেশন প্রতিবেদন তৈরি করেন। এ ক্ষেত্রে কিছু অনৈতিক কর্মকাণ্ডেরও অভিযোগ রয়েছে।রফিকুল ইসলাম বলেন, পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন পাওয়ার পর পাসপোর্ট ইস্যু করতে এক থেকে দেড় মাস লেগে যায়। এতে করে অনেককে হয়রানি হতে হয়। তিনি আরও বলেন, মেশিন রিডেবল পাসপোর্ট আবেদন ফরমের শেষাংশে যেসব তথ্যের প্রয়োজনীয়তা পুলিশ ভেরিফিকেশনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, আসলে ফরমের অন্যান্য অংশে সেসব তথ্য পূরণ করে দিতে হয়। সঠিক ঠিকানা বা নাগরিকদের প্রত্যয়নের জন্য ফরমে জাতীয় পরিচয়পত্রের কপি, জন্মনিবন্ধন সনদের কপি বা টিআইএন নম্বর যুক্ত করতে হয়। সরকারের দায়িত্বশীল ব্যক্তি বা কর্মকর্তাকে দিয়ে ছবিসহ আবেদনপত্র প্রত্যয়ন করতে হয়। এসব তথ্য দেওয়ার পর পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজনীয়তা থাকতে পারে না। তাই দেশের নাগরিকদের পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের বাধ্যবাধকতা বাতিল করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে এই প্রস্তাবের জবাব দেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি দাবির সঙ্গে একমত পোষণ করলেও পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়ে কিছু বলেননি। মন্ত্রী বলেন, সাধারণ পাসপোর্ট ১৫ দিনের মধ্যে এবং জরুরি ক্ষেত্রে সাত দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন করার নির্দেশ রয়েছে। এ ক্ষেত্রে কারও দায়িত্ব অবহেলার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।