পাসপোর্টের টাকা জমার রসিদ নিয়ে জালিয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে সোনালী ব্যাংকের করপোরেট শাখায় পাসপোর্টের জন্য টাকা জমা দিতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দালালেরা টাকা গ্রহণের রসিদে ব্যাংকের জাল সিল, কর্মকর্তাদের সই ও স্ক্রল নম্বর ব্যবহার করায় অনেকের পুরো টাকাটাই গচ্ছা যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীতে পাসপোর্টের টাকা জমা দেওয়ার জন্য নগরের সাহেব বাজার এলাকায় সোনালী ব্যাংকের করপোরেট শাখায় একটি কাউন্টার রয়েছে। সকালে কাউন্টার খোলার আগেই শতাধিক মানুষ এসে সারিতে দাঁড়িয়ে থাকেন। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হয় বলে অনেকেই কম সময়ে দালালদের মাধ্যমে কাজ করানোর চেষ্টা করেন। এটা করতে গিয়ে তাঁরা প্রতারণার শিকার হন।ভুক্তভোগীরা জানান, সারিতে দাঁড়িয়ে থাকার সময় দালালেরা প্রস্তাব দেয় যে মাত্র ১১০ টাকা পারিশ্রমিক দিলে তারা ১০ মিনিটের মধ্যে টাকা জমা দিতে দেবে। সরল বিশ্বাসে মানুষ তাদের টাকা দিয়ে দিচ্ছেন। দালালেরা ১০ মিনিটের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার টাকার রসিদ তাঁদের হাতে তুলে দিচ্ছে। এতে যথারীতি ব্যাংকের সিলমোহর, ব্যবস্থাপকের সই ও ক্রমিক নম্বর (স্ক্রল নম্বর) দেওয়া থাকে। কিন্তু দালালদের কাছ থেকে এই জমার রসিদ নিয়ে পাসপোর্ট কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে গিয়ে লোকজন বিপদে পড়ছেন। স্ক্রল নম্বর সন্দেহজনক লিখে তাঁদের ব্যাংকে ফেরত পাঠানো হচ্ছে। ব্যাংক থেকে বলা হচ্ছে এগুলো জাল, সই ও সিলমোহর তাঁদের নয়। গত সোমবার এই প্রতারক চক্র একই সঙ্গে ১৫ জনের কাছ থেকে ৪৬ হাজার ৬৫০ টাকা নিয়েছে। তাদের দেওয়া রসিদ নিয়ে পাসপোর্ট কার্যালয়ে গিয়ে সবাই ফেরত এসেছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আসা আবদুর রহিম বলেন, যাকে টাকা দিয়েছেন তাকে দেখলে তিনি চিনবেন। চাঁপাই-নবাবগঞ্জের বালিয়া-ডাঙ্গা এলাকার সেলিম রেজা ও হারুন অর রশিদও প্রতারক চক্রের হাতে টাকা জমা দিয়েছেন। তারা লেখাপড়া জানেন না। ব্যাংকে যাওয়ার পর তাঁদের তিনজনের টাকা জমা দেওয়ার রসিদই জাল প্রমাণিত হয়। ব্যাংকের ব্যবস্থাপক (ক্যাশ) শরীফ উদ্দিন এসব দেখে বলেন, এ ব্যাপারে তাঁরা পুলিশ কমিশনার ও র্যা বকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন।নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, তাঁরা নিয়মিত অভিযোগ পান। ধরার জন্য অভিযান চালান, কিন্তু ধরে আনলেও আবার রাজনৈতিক তদবির শুরু হয়। ধরে রাখাও যায় না।