পাসে এগিয়ে উপজেলা, জিপিএ-৫-এ নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারে চট্টগ্রাম জেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার গড় পাসের হার ৯৭.৫২। এর মধ্যে নগরের ছয়টি থানার চেয়ে পাসের হারে এগিয়ে রয়েছে চট্টগ্রামের ১৪টি উপজেলার শিক্ষার্থীরা। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে তারা নগরের শিক্ষার্থীদের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে চলতি বছরের চট্টগ্রাম জেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল ঘোষণা করেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। গত বছরের তুলনায় এ বছর চট্টগ্রামের গড় পাসের হার সামান্য বেড়েছে। গত বছর পাসের হার ছিল ৯৭.৩৬। পাসের হার বাড়লেও এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় কমেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এবার চট্টগ্রাম নগর ও উপজেলা মিলিয়ে মোট ৪ হাজার ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৫৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গতবারের তুলনায় ৪ হাজার ১৪৮ জন শিক্ষার্থী এবার বেশি অংশ নিয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে পাস করেছে ১ লাখ ৫২ হাজার ৭৮৩ শিক্ষার্থী।
ফল পর্যালোচনা করে দেখা গেছে, চট্টগ্রামের ১৪টি উপজেলার মধ্যে পাসের হার ৯৮.৩৬। আর নগরের বিদ্যালয়গুলোর গড় পাসের হার ৯৫.৩৬। সর্বোচ্চ পাসের হার সাতকানিয়া উপজেলায়—৯৯.৯৪। দ্বিতীয় অবস্থানে আছে হাটহাজারী উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সেখানে পাসের হার ৯৯.৬৩। তৃতীয় অবস্থানে আনোয়ারা উপজেলা, পাসের হার ৯৯.৩৫। চট্টগ্রামে সর্বনিম্ন পাসের হার নগরের পাহাড়তলী থানায়—৮৮.১০। নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ছয়টি থানায় ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে ডবলমুরিং, বন্দর, পাঁচলাইশ, পাহাড়তলী, কোতোয়ালি ও চান্দগাঁও। থানাগুলোর মধ্যে সবচেয়ে ভালো করেছে বন্দরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। পাসের হার ৯৯.১৪।
মো. সামসুল আরেফিন বলেন, উপজেলাগুলো পাসের হারে এগিয়ে রয়েছে, এটি খুবই ইতিবাচক দিক। প্রত্যন্ত অঞ্চলগুলোতেও যে প্রাথমিক শিক্ষার আলো পৌঁছে গেছে, এ ফলাফলের মাধ্যমে সেটি বোঝা যায়।
তবে পাসের হারে এগিয়ে থাকলেও সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে উপজেলার শিক্ষার্থীরা বেশ পিছিয়ে আছে। এবার পুরো চট্টগ্রাম জেলায় ১১ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে নগরের শিক্ষার্থী রয়েছে ৭ হাজার ২৪০ জন। আর উপজেলায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৭১৩। অর্থাৎ নগরের পাস করা শিক্ষার্থীদের ১৫ শতাংশ জিপিএ-৫ পেয়েছে। বিপরীতে উপজেলায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হার ৪.৫।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, মানের দিক দিয়ে নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এগিয়ে। সে কারণে জিপিএ-৫-এর সংখ্যা নগরে বেশি।
গত বছর চট্টগ্রাম জেলায় প্রাথমিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২ হাজার ৬৩৪। এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৫৩ জন। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৬৮১।
ইবতেদায়িতে শিক্ষা সমাপনী পরীক্ষা: প্রাথমিক সমাপনীতে এবার শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও ইবতেদায়ি সমাপনীতে অংশগ্রহণকারীর সংখ্যা কিছুটা কমেছে। এ বছর ইবতেদায়ি সমাপনীতে অংশ নিয়েছে ২২ হাজার ৭২৬ শিক্ষার্থী। গতবারের তুলনায় ৫৬৯ জন শিক্ষার্থী এবার কমেছে। চলতি বছর ইবতেদায়ি সমাপনীতে পাসের হার ৯০.৮৬। ইবতেদায়িতে এবার সবচেয়ে ভালো ফল করেছে নগরের বন্দর এলাকার মাদ্রাসাগুলো। সেখানে পাসের হার শতভাগ। ইবতেদায়ি সমাপনীতে অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ৪৭২ জন জিপিএ-৫ পেয়েছে।