পাসে ছাত্রীরা, জিপিএ-৫-এ ছাত্ররা এগিয়ে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে আছেন। মাদ্রাসা, কারিগরিসহ ১০ বোর্ডেই পাসের হারে ছাত্রীরা এগিয়ে। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের সাতটিতেই ছাত্রীদের পাসের হার বেশি। তবে মেধার সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্ররা গিয়ে আছেন।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা যায়, মেয়েদের সামগ্রিকভাবে এগিয়ে যাওয়ার প্রবণতা এবার ঈর্ষণীয়। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার প্রায় ২ শতাংশ বেশি।
গতকাল ফলাফলের অনুলিপি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রসঙ্গে বলেছেন, ছেলেদের পড়াশোনায় আরেকটু মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন, প্রতিযোগিতায় মেয়েরা এগিয়ে যাচ্ছেন। কাজেই ছেলেদের পিছিয়ে থাকলে চলবে না। ভবিষ্যতে ছেলে ও মেয়েদের সমানে সমান দেখার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন মোট ১২ লাখ ৩ হাজার ৬৪০ জন ছাত্রছাত্রী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন। পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্র ৬ লাখ ৪৫ হাজার ৭৯৮ জন এবং ছাত্রী ৫ লাখ ৫৭ হাজার ৮৪২ জন। ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৭৫ দশমিক ৬০ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ ছাত্রছাত্রী। এর মধ্যে ছাত্র ৩২ হাজার ৩৮১ জন ও ছাত্রী ২৫ হাজার ৮৯৫ জন।
সাধারণ বোর্ডগুলোর মধ্যে কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে ছাত্রীদের সংখ্যাও বেশি। তবে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে ছাত্রদের সংখ্যা ছাত্রীদের তুলনায় অনেক বেশি। কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের চেয়ে ছাত্রসংখ্যা প্রায় দ্বিগুণ। কিন্তু মেয়েদের পাসের হার ছেলেদের তুলনায় ৫ শতাংশ বেশি।
ফল বিশ্লেষণ করে দেখা যায়, জিপিএ-৪ থেকে ৫ ছেলেরাই বেশি পেয়েছেন। কিন্তু পরের সব ধাপেই মেয়েদের পাসের হার বেশি।
ছাত্রীদের ভালো ফলের কারণ জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন গতকাল প্রথম আলোকে বলেন, উপবৃত্তি ছাত্রীদের গড় ফল ভালো করার একটি অন্যতম কারণ। এর একটি ব্যাখ্যা হলো, উপবৃত্তি পেতে হলে একটি নির্দিষ্ট হারে ক্লাসে উপস্থিতি থাকতে হয়। আর নিয়মিত ক্লাসে উপস্থিত থাকলে একজন শিক্ষার্থী ফেল করতে পারেন না। এ ছাড়া ছাত্রীরা সাধারণত নিয়মকানুন বেশি মানেন। ছাত্রদের তুলনায় তাঁরা বাইরে কম থাকেন। এটাও একটি কারণ।
আর জিপিএ-৫ কম পাওয়ার বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক এই চেয়ারম্যান বলেন, সারা দেশ মেলালে দেখা যাবে, ছাত্রীরা বিজ্ঞানে কম পড়েন। অধিকাংশই পড়েন মানবিক বিভাগে। আর বিজ্ঞানেই কিন্তু জিপিএ-৫ বেশি পান। ফলে এ ক্ষেত্রে মেয়েরা কিছুটা পিছিয়ে থাকেন।
উল্লেখ্য, এবারে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছেন ৪৮ হাজার ৯৫০ জন। এর মধ্যে ৪১ হাজার ৪৬৮ জনই বিজ্ঞান ও গার্হস্থ্য শাখার পরীক্ষার্থী।
গতকাল সচিবালয়ে ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও ছাত্রীদের ভালো ফলের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।