পাসের হার, জিপিএ-৫ দুই-ই বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ দুই-ই বেড়েছে। একই সঙ্গে মেয়েরা ভালো ফল করেছেন। তবে বিজ্ঞান বিভাগে পাসের হার কমেছে। সব মিলিয়ে এ বোর্ডের সার্বিক ফল সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বোর্ডের চেয়ারম্যান কুণ্ডুগোপী দাস।এবার কুমিল্লা বোর্ডের অধীন ৫৪ হাজার ৫৩৪ জন পরীক্ষা দেন। এর মধ্যে পাস করেন ৩৯ হাজার ৪৪৪ জন। পাসের হার ৭৩ দশমিক ১৩। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ১৬৮ জন। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৬ দশমিক ৯৯ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬০১ জন। এবার পাসের হার বেড়েছে ৬ দশমিক ১৪ ভাগ। একই সঙ্গে জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে ৫৬৭টি।শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগে আট হাজার ৯৩৫ জন পরীক্ষা দিয়ে পাস করেন পাঁচ হাজার ৮০৭ জন। পাসের হার ৬৫ দশমিক ৭৩। জিপিএ-৫ পেয়েছেন ৮৬০ জন। মানবিকে ১৯ হাজার ১৮১ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১২ হাজার ৪০৭ জন। পাসের হার ৬৫ দশমিক ৬২। জিপিএ-৫ পেয়েছেন ৬৪ জন। ব্যবসায় শিক্ষা শাখায় ২৬ হাজার ৪১৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ২১ হাজার ২৩০ জন। পাসের হার ৮১ দশমিক শূন্য ৫। জিপিএ-৫ পেয়েছেন ২৪৪ জন।পাসের হারে মেয়েরা এগিয়ে: কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর মেয়েরা ভালো ফল করেছেন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৫ দশমিক ৭৩। এর মধ্যে মেয়েদের পাসের হার ৬৬ দশমিক ১২, ছেলেদের পাসের হার ৬৫ দশমিক ৫১। মানবিক বিভাগে পাসের হার ৬৫ দশমিক ৬২। এর মধ্যে মেয়েদের পাসের হার ৬৫ দশমিক ৭৮ ও ছেলেদের পাসের হার ৬৫ দশমিক ২৭। ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হার ৮১ দশমিক শূন্য ৫। এর মধ্যে মেয়েদের পাসের হার ৮২ দশমিক ৬২ ও ছেলেদের পাসের হার ৮০ দশমিক শূন্য ৭। মানবিকে জিপিএ-৫ পাওয়া ৬৪ জনের মধ্যে ৪৩ জনই মেয়ে। কুমিল্লার বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম সৌরভ বলেন, পড়াশোনার প্রতি সিরিয়াস ছিল বলেই মেয়েরা ভালো ফল করেছে।বিজ্ঞানে পাসের হার কমেছে: বিজ্ঞানে এ বছর আট হাজার ৯৩৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন পাঁচ হাজার ৮০৭ জন। পাসের হার ৬৫ দশমিক ৭৩। গত বছর বিজ্ঞানে সাত হাজার ৭৭৭ জন পরীক্ষা দিয়ে পাস করেন পাঁচ হাজার ১৯২ জন। পাসের হার ছিল ৬৭ দশমিক ৫২। এ বছর বিজ্ঞানে পাসের হার ১ দশমিক ৭৯ ভাগ কমেছে। এবার ছেলে ও মেয়েরা বিজ্ঞানে খারাপ ফল করেছেন। জানতে চাইলে কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মাখন চন্দ্র বড়াল প্রথম আলোকে বলেন, ‘এ বছর পদার্থবিজ্ঞানের প্রশ্ন শিক্ষার্থীদের পক্ষে না যাওয়ায় সার্বিকভাবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফল খারাপ হয়েছে।’শীর্ষ ২০ প্রতিষ্ঠানের আটটিই কুমিল্লায়: কুমিল্লা শিক্ষা বোর্ডের শীর্ষ ২০ প্রতিষ্ঠানের মধ্যে প্রথম তিনটিসহ আটটি শিক্ষাপ্রতিষ্ঠানই কুমিল্লা জেলার। এগুলো হচ্ছে—কুমিল্লা ক্যাডেট কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, মুরাদনগর উপজেলার অধ্যাপক আবদুল মজিদ কলেজ, বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, মুরাদনগর উপজেলার কাজী নোমান আহমেদ কলেজ ও ক্যান্টনমেন্ট কলেজ। উপরিউক্ত প্রথম তিনটি কলেজ বোর্ডে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।এবারই সর্বোচ্চ জিপিএ-৫: গ্রেডিং পদ্ধতি প্রণয়নের পর এবারই এ বোর্ড থেকে এইচএসসিতে সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর এক হাজার ১৬৮ জন জিপিএ-৫ পেয়েছেন। ২০০৯ সালে ৬০১ জন, ২০০৮-এ ৯৫৭ জন, ২০০৭-এ ৫০৬ জন এবং ২০০৬-এ ৪৪৭ জন জিপিএ-৫ পেয়েছিলেন। সার্বিক বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডুগোপী দাস বলেন, ‘বোর্ডের সার্বিক ফলাফলে আমি খুশি। মুখস্থনির্ভর প্রবণতা পরিহার, অভিভাবকদের সচেতনতা আর ব্যবস্থাপনা কমিটির শিক্ষাবান্ধব উদ্যোগ থাকলেই বোর্ডের ফল আরও ভালো হবে।’