
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। এবার পাসের হার ৮৩ দশমিক ৯৯ শতাংশ। গতবার এ হার ছিল ৯০ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৪৬ শতাংশ। এবার ৮ হাজার ৩৪৪ পরীক্ষার্থী জিপিএ-৫ পেলেও গত বছর পেয়েছিল ৮ হাজার ৫০২ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ৮৯ শতাংশই বিজ্ঞান বিভাগের।
প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন এবং গণিত ও ইংরেজি বিষয়ে খারাপ করায় এবার চট্টগ্রাম বোর্ডের পাসের হার কমেছে বলে মনে করেন শিক্ষকেরা। অথচ গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ হাজার বেশি ছিল। ১ হাজার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ১৮ হাজার ১১২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৯৯ হাজার ২২ জন। পাস করা ছাত্রের সংখ্যা ৪৬ হাজার ৫৯৮ জন, ছাত্রী ৫২ হাজার ৪২৪ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বছরের এসএসসি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নের (এমসি কিউ) অংশে ১০ নম্বর কমেছে। এই ১০ নম্বর যুক্ত হয়েছে সৃজনশীল অংশে। ২০১৫ সালের ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে ২০১৬ সালের বিভিন্ন সময়ে চট্টগ্রামে মানববন্ধন ও মিছিল-সমাবেশ করেছিল শিক্ষার্থীরা।
চট্টগ্রাম নগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান প্রথম আলোকে বলেন, নতুন পদ্ধতির সিদ্ধান্তটি পরীক্ষার্থীরা জানতে পারে দশম শ্রেণিতে ওঠার পর। নবম শ্রেণির শুরুতে জানতে পারলে শিক্ষার্থীরা আরও বেশি অনুশীলন করতে পারত।
বোর্ডের বিষয়ভিত্তিক ফল বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর পাসের হার সবচেয়ে কম গণিত ও ইংরেজি বিষয়ে। দুটি বিষয়ে পাসের হার যথাক্রমে ৯১ দশমিক ৭৭ শতাংশ ও ৯৪ দশমিক ৬১ শতাংশ। গতবার এ হার ছিল যথাক্রমে ৯৬ দশমিক ৮১ শতাংশ ও ৯৭ দশমিক ৬১ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, ইংরেজি ও গণিত বিষয়ের ফলের ওপর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাসের হার ওঠানামা করে। গতবারের তুলনায় এ বছর দুটি বিষয়ে পাসের হার কমার প্রভাব পড়েছে পুরো ফলাফলের ওপর। তিনি বলেন, তিন পার্বত্য জেলাসহ প্রত্যন্ত অঞ্চলে ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের অভাব রয়েছে। ফলে এসব এলাকায় পাসের হার কমেছে।
চলতি বছর শতভাগ পাস করেছে ৫৬টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা। গতবার এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৮টি। এবার চট্টগ্রাম জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।
পাসের হার বেশি চট্টগ্রামে, কম খাগড়াছড়িতে
বোর্ডের অধীনে পাঁচটি জেলার মধ্যে সবচেয়ে বেশি পাসের হার চট্টগ্রাম জেলায়, ৮৭ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩২৩ পরীক্ষার্থী। এ ছাড়া কক্সবাজার জেলায় পাসের হার ৮৫ দশমিক ৯২ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৬৬ জন। বান্দরবান জেলার পাসের হার ৭৯ দশমিক ৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬২ শিক্ষার্থী। রাঙামাটিতে পাসের হার ৬৩ দশমিক ৫১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন। খাগড়াছড়িতে পাসের হার ৬২ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন।
বিভাগ অনুযায়ী পাসের হার
বিজ্ঞান বিভাগে পাস ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হার সবচেয়ে বেশি, ৯২ দশমিক ০৭ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৩ শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৮৬ দশমিক ৪৪ শতাংশ ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৮৬৮ জন। মানবিক বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৩৬ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন।