প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দেশের অন্যান্য বিভাগের তুলনায় সিলেট বিভাগ পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই পিছিয়ে রয়েছে। সিলেট বিভাগে পাসের হার ৯০ দশমিক ৫৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২৯১ জন শিক্ষার্থী।ফলাফলে সিলেট পিছিয়ে থাকার কারণ সম্পর্কে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের উপপরিচালক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা যথাক্রমে হাওর ও চা-বাগান অধ্যুষিত। আর্থসামাজিক অবস্থা ও পরিবেশের কারণেই সেখানকার পড়াশোনার সার্বিক পরিবেশ অনুকূলে নয়। সংগত কারণে এসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল আমাদের বিভাগকে পিছিয়ে রেখেছে।’সারা দেশে পিছিয়ে সিলেট: পাসের হার ও জিপিএ-৫-এর তুলনায় সারা দেশে সিলেট বিভাগ পিছিয়ে রয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সিলেট বিভাগের এক লাখ ৬০ হাজার ৩২২ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয়নি ১৩ হাজার ১৩৫ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ১৩ হাজার ৮৫৬ জন। পাসকৃত শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২৯১ জন। এর মধ্যে বালক এক হাজার ৫৫১ জন এবং বালিকা এক হাজার ৭৪০ জন। পাসের হার ৯০ দশমিক ৫৯ শতাংশ। এর মধ্যে বালক ৯১ দশমিক ৪ শতাংশ এবং বালিকা ৯০ দশমিক ২২ শতাংশ।