
পাসের হার গত বছরের চেয়ে ৪ দশমিক ১০ শতাংশ কমেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় কমেছে ৭৭৯ জন। শুধু পাসের হার বা জিপিএ-৫ প্রাপ্তিতেই নয়, রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষার ফলের সব কটি সূচকেই অবনতি হয়েছে। অথচ পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে এবার বেশি ছিল।
গতকাল রোববার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বছরের ফলাফল তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার।
প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ২১ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রসংখ্যা ৬৭ হাজার ৬২ জন এবং ছাত্রীসংখ্যা ৫৪ হাজার ৭৭৪ জন। মোট পাস করেছেন ৮৬ হাজার ৮৭২ জন; পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ।
গত বছর এই শিক্ষা বোর্ড থেকে এইচএসসিতে অংশ নিয়েছিল ১ লাখ ১৫ হাজার ৭৮০ জন শিক্ষার্থী। পাসের হার ছিল ৭৫ দশমিক ৪০ শতাংশ।
পাসের হারে ধারাবাহিক অবনতি
২০১১ সালের পর থেকে প্রতিবছরই রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার পড়তির দিকে। ওই বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ০১ শতাংশ। পরের বছর ২০১২ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৪ শতাংশ; ২০১৩ সালে তা কমে দাঁড়ায় ৭৭ দশমিক ৬৯ শতাংশে। এর ধারাবাহিকতায় ২০১৪ সালে কমে ৭৮ দশমিক ৫৫ শতাংশে, ২০১৫ সালে ৭৭ দশমিক ৫৪ শতাংশে এবং ২০১৬ সালে ৭৫ দশমিক ৪০ শতাংশে দাঁড়ায়। এ বছরেরটা ধরলে এই ছয় বছরের ব্যবধানে বোর্ডে পাসের হার কমেছে ৭ দশমিক ৭১ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তি কমেছে
রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ বছর মোট জিপিএ পাঁচ পেয়েছেন ৫ হাজার ২৯৪ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ৬ হাজার ৭৩ জন। সে হিসেবে এ বছর ৭৭৯ জন জিপিএ কম পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ২০১৩ সালে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী (৭ হাজার ৬৬৬ জন) জিপিএ-৫ পেয়েছিলেন।
এদিকে প্রকাশিত ফলে দেখা যাচ্ছে, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর ২২ দশমিক ৫৪ শতাংশ এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। সংখ্যায় তা ২৭ হাজার ৪৬১ জন। অথচ গত বছরেই এই সংখ্যা ছিল ১৭ হাজার ১১৩ জন। ২০১১ সালে এই সংখ্যা ছিল ৯ হাজার ৬২১ জন। ওই বছর থেকে অব্যাহতভাবে এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বলেন, এই শিক্ষার্থীদের বেশির ভাগই ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। শিক্ষার্থীদের ইংরেজি নিয়ে একটা মানসিক ভীতি রয়েছে। স্কুল পর্যায় থেকেই তাদের এই অবস্থা। এই ভয় দূর করতে সম্মিলিতভাবে উদ্দীপনামূলক পদক্ষেপ নেওয়া দরকার।
এ ছাড়া গত বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে একজনও পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮টি। এ বছর সংখ্যাটা বেড়ে ১১-তে উঠেছে। অবশ্য, শতভাগ পাস করেছেন, এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার চারটি বেড়ে ২২টিতে দাঁড়িয়েছে। আর ১০ থেকে ৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৭১টি। এ বছর সংখ্যাটা দাঁড়িয়েছে ১৩৯-এ। গত বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট কলেজসংখ্যা ছিল ৭১৫টি। এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪২টি।
বোর্ডের সার্বিক ফলে অবনতির বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বলেন, প্রতিবছরই ফলাফলে কিছু ওঠানামা হয়ে থাকে। একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ কয়েক বছর থাকে। প্রথমবার যে শিক্ষার্থী অকৃতকার্য হয়, সে বারবারই অকৃতকার্য হয়। তারা কখনোই পড়াশোনায় সিরিয়াস হয় না। আবার প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। নতুন এসব প্রতিষ্ঠান থেকে ভালো মানের শিক্ষার্থী বের হয় না। এসব কারণে ফলাফল খারাপ হচ্ছে।
ফল খারাপ হওয়ার বিষয়ে বোর্ডের কোনো গাফিলতি নেই দাবি করে তরুণ কুমার সরকার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আরও সুযোগ আছে এসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার। বোর্ডের পক্ষ থেকে যা যা করণীয়, বোর্ডের কর্মকর্তারা তা করে থাকেন।