পাসের হার ও বোর্ডে জেলার অবস্থানে পিছিয়েছে খুলনা
খুলনায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার কমেছে। পাশাপাশি বোর্ডে জেলার অবস্থান বিচারেও দুই ধাপ পিছিয়েছে খুলনা। তবে ফলাফলের দিক থেকে ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা।
যশোর বোর্ড সূত্রে জানা গেছে, এবার খুলনায় পাসের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ। গত বছর এই হার ছিল ৯৬ দশমিক ৬৬ শতাংশ। গত বছর বোর্ডে খুলনার অবস্থান ছিল তৃতীয়। এবার বোর্ডে অবস্থান জেলার মধ্যে পঞ্চম।
বোর্ড সূত্রে আরও জানা গেছে, গত বছর বোর্ডে কোনো মেয়ে ফেল না করলেও এ বছর ৬০৪ জন মেয়ে ফেল করেছে।
এদিকে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, চলতি বছর খুলনায় ৩৮ হাজার ৯৭১ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩৮ হাজার ৫১৮ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৩৮ জন।
জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে মেয়েরা। ২ হাজার ৭৫৯ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৭৯ জন।