মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫। এবার পাসের হার ৮৮ দশমিক ৯৬। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৭৮৯ জন শিক্ষার্থী। সিলেট শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার মোট পরীক্ষার্থী ছিল ৫৮ হাজার ৫০৬ জন। পাস করেছে ৫২ হাজার ৪৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৭৮৯ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ৫৮ হাজার ৩৭৬ জন। কৃতকার্য হয়েছিল ৫৩ হাজার ৫৭৯ জন। পাসের হার ছিল ৯১ দশমিক ৭৮ এবং জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ৬১১ জন। ২০১১ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৮ হাজার ৪৭৮ জন। পাস করেছিল ৩৯ হাজার ৩৭৮ জন। জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ১৪৮ জন।সিলেট শিক্ষা বোর্ডের অধীন বিভাগের চার জেলা হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৭৬৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ৮৪টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর পরীক্ষায় অংশ নেয় ৭৪০ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ১২১টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাস করে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গতবারের তুলনায় এবার অংশগ্রহণকারী বিদ্যালয় ও পরীক্ষার্থী বেশি ছিল। পাসের হার কমলেও পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায় সামগ্রিক ফল সন্তোষজনক। শিক্ষার গুণগত মান বেড়েছে। বিভাগভিত্তিক ফলাফল: এবার বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৪৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে নয় হাজার ৩৪০ জন। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৩৮১ জন। মানবিকে ৪২ হাজার ৭৬১ জন পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩৭ হাজার ৩৬৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭৫ জন। ব্যবসায় শিক্ষায় পাঁচ হাজার ৭০০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে পাঁচ হাজার ৩৩৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২৩৩ জন।মেয়েরা ফলাফলে পিছিয়ে: এবার মোট পরীক্ষার্থী ৫৮ হাজার ৫০৬ জনের মধ্যে ৩২ হাজার ৬৪ জন মেয়ে। এদের ২৮ হাজার ৫৫৭ জন পাস করেছে। পাসের হার ৮৭ দশমিক ৭০। মোট ২৫ হাজার ৯৪২ জন ছেলের মধ্যে পাস করেছে ২৩ হাজার ৪৮৮ জন। পাসের হার ৯০ দশমিক ৫৪। মেয়েদের এক হাজার ১০৬ জন ও ছেলেদের এক হাজার ৬৮৩ জন জিপিএ-৫ পেয়েছে।শীর্ষে সিলেট জেলা: ফলাফলের জেলাভিত্তিক পরিসংখ্যান এবারই প্রথম প্রণয়ন করেছে সিলেট শিক্ষা বোর্ড। এ তালিকায় বোর্ডের চার জেলার মধ্যে সিলেট শীর্ষে। সিলেটে ২২ হাজার ৯৬৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২০ হাজার ৭৯৫ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪৭৯ জন। দ্বিতীয় অবস্থানে থাকা মৌলভীবাজার জেলায় ১৩ হাজার ৭৭২ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছে ১২ হাজার ২৩৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৬৭ জন। তৃতীয় স্থান অর্জন করেছে সুনামগঞ্জ। এ জেলার ১১ হাজার ২৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে নয় হাজার ৬৮০ জন। জিপিএ-৫ পেয়েছে ২৮৭ জন। হবিগঞ্জে ১০ হাজার ৭৪৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে নয় হাজার ৩৩২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৫৬ জন।