প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমার জন্য বিএনপি ও জামায়াতকে অভিযুক্ত করে বলেছেন, তাদের একের পর এক হরতালে কর্তৃপক্ষকে অন্তত ৩২টি পরীক্ষার তারিখ বদলাতে হয়েছে। এর ফলে গত বছরের তুলনায় এ বছর শিক্ষার্থীদের সাফল্যের হার কমে গেছে। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘এ জন্য শিক্ষার্থীদের দায়ী করা যাবে না। এর দায়দায়িত্ব বিএনপি ও জামায়াতকে নিতে হবে। আমি আশা করব, তারা ভবিষ্যতে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করবে।’
প্রধানমন্ত্রী গতকাল শনিবার চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্ল্লা, সিলেট, যশোর, বরিশাল ও দিনাজপুর শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে নিজ নিজ প্রতিষ্ঠানের ফলাফলের প্রতিবেদন (রেজাল্ট শিট) হস্তান্তর করেন।
পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরের সরকারি এম এম কলেজ, সরকারি মহিলা কলেজ ও আমেনিয়া জামিয়া মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরের ছাত্রদের করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে কোনো পরীক্ষা থাকা উচিত নয়। এইচএসসি পাস করার পর উচ্চশিক্ষার জন্য কোনো যাচাই পরীক্ষার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।
পরীক্ষা সমাপ্তির পর ৬০ দিনের মধ্যে ফল প্রকাশে সহায়তার জন্য শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অনেক বাধা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যাওয়া এবং পরীক্ষার সাফল্য অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদেরও ধন্যবাদ জানান।