উত্তরপত্র মূল্যায়নের নতুন পদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রী
পাসের হার কিছুটা কমলেও মেধার যথার্থ যাচাই হবে

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের নতুন পদ্ধতি অত্যন্ত সময়োচিত এবং গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে পাসের হার কিছুটা কমে গেলেও পরীক্ষার্থীদের মেধা যাচাইয়ে এটি যথার্থ কার্যকরী হবে। নিজ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
নতুন পদ্ধতিতে পরীক্ষার্থীদের উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দিয়ে পরীক্ষা করানো হচ্ছে। মূল্যায়নের এ নতুন পদ্ধতি সংযুক্ত করায় শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলতে সরকার শিক্ষায় প্রতিটি শিশুরই প্রবেশাধিকার নিশ্চিত করতে চায় বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলতে সবার জন্য শিক্ষা নিশ্চিত করাটা জরুরি। আধুনিক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শিক্ষাব্যবস্থা ছাড়া কোনো দেশই এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারবে না।’
কৃতকার্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। কাজেই তারা তাদের পড়াশোনায় একটু মনোযোগী হলেই আর ফেল করবে না।’ এ বছর এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে আয়োজনের মাধ্যমে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং শিক্ষা বোর্ডগুলোকে ধন্যবাদ জানান।
শিক্ষার সুযোগ সৃষ্টিতে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বছরের প্রথম দিনই সরকারের উদ্যোগে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবং প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত নানা রকম বৃত্তি প্রদানের ফলে অভিভাবকদের বোঝাটা অনেকাংশেই লাঘব হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের সহায়তা দিতে সরকার ট্রাস্ট ফান্ডও গঠন করেছে।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার হাওর, দুর্গম চর এলাকা, পার্বত্য অঞ্চল এবং দ্বীপাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক স্কুল করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি এ সময় বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরি করে শিক্ষার্থীদের আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন।
প্রধানমন্ত্রী এ সময় সরকারের দেওয়া সুযোগগুলোকে কাজে লাগিয়ে শিক্ষা খাতের উন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়ালেখায় সঠিক মনোযোগ দেওয়ার আহ্বান জানান। পরে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতক্ষীরা ও শেরপুর জেলার ভালো ফলাফল করা শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষাসচিব সোহরাব হোসাইন ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করেন।
এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
যশোর জেলা পরিষদের চেয়ারম্যানের শপথ
যশোর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কার্যালয়ে এই শপথবাক্য পাঠ করান।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এবং যশোরের সাংসদেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।