পাসের হার জিপিএ-৫ দুটোতেই এগিয়ে মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলে এবারও এগিয়ে রয়েছে মেয়েরা। পাসের হার এবং জিপিএ-৫ দুটোতেই তারা ছেলেদের পেছনে ফেলেছে।
প্রকাশিত ফলে দেখা গেছে, এ বছর ১ লাখ ১৩ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১০ হাজার ৭৭১ জন। পাসের হার ৯৭ দশমিক ৩৮। পাস করেছে ৫৮ হাজার ৩৪৯ জন মেয়ে (৯৭ দশমিক ৭৫ শতাংশ)। উত্তীর্ণ হওয়া ছেলের সংখ্যা ৫২ হাজার ৪২২ (৯৬ দশমিক ৯৮ শতাংশ)। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৫৭০ জন। এর মধ্যে মেয়ের সংখ্যা ৯ হাজার ৯১০। ছেলের সংখ্যা ৫ হাজার ৬৬০।
গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসিতে জিপিএ-৫ পেয়েছিল ১৩ হাজার ৪৬৪ জন। এর মধ্যে মেয়ে ছিল ৮ হাজার ৫৬১, ছেলে ৪ হাজার ৯০৩ জন।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজীম প্রথম আলোকে বলেন, বর্তমান সময় অভিভাবকেরা মেয়েদের শিক্ষার বিষয়ে বেশি আন্তরিক। তা ছাড়া মেয়েরা ছেলেদের তুলনায় পড়াশোনায় বেশি মনোযোগী। আবার মেয়েদের তুলনায় ছেলেরা বাইরে বেশি সময় ব্যয় করে। এসব কারণে ধারাবাহিকভাবে মেয়েরা ফলে এগিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এখন নারী শিক্ষার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো পরিবেশ পাওয়া যাচ্ছে। এসব কারণে মেয়েরা ফলে এগিয়ে যাচ্ছে।