উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিটি করপোরেশনের কলেজগুলো পাসের হারের দিক থেকে ভালো করছে। কিন্তু জিপিএ-৫-এর ক্ষেত্রে কলেজগুলোর অগ্রগতি নেই। ২০১১ থেকে চলতি বছর পর্যন্ত চার বছরের ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া যায়।
বেশ কয়েকজন অভিভাবক বলেন, শিক্ষকদের তদারকির অভাব, বিভিন্ন জনপ্রতিনিধিদের (করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর) অনুরোধে যাচাই-বাছাইহীনভাবে কলেজে ভর্তি, পাঠদান কার্যক্রম নিয়মিত পরিদর্শনের ঘাটতি ইত্যাদি কারণে জিপিএ-৫-এর ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে না।
করপোরেশনের শিক্ষা বিভাগ বলছে, সমস্যার সমাধানে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দিনে আরও কিছু কর্মপরিকল্পনা আছে।
সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য এ পর্যন্ত ছয়টি কলেজে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু করেছি। আগামী দিনে এ সংখ্যা আরও বাড়ানো হবে।
এ ছাড়া, শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য আমি বিভিন্ন কলেজে গিয়ে ক্লাস নিয়েছি। আবার পাঠদান পর্যবেক্ষণ করেছি। একই সঙ্গে মায়েদের সমাবেশ ডেকে তাঁদের ছেলেমেয়েদের পাঠদানের খোঁজখবর নিতে অনুরোধ জানিয়েছি।’
২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত করপোরেশনের বিভিন্ন কলেজের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০১৩ সাল ছাড়া প্রতিবছরই পাসের হার বেড়েছে। ২০১১ সালে করপোরেশনের নয়টি কলেজের পাসের হার ছিল ৭৯ দশমিক ৮৭ শতাংশ। ২০১২ সালে পাসের হার ছিল ৮২ দশমিক ২১ শতাংশ। কিন্তু ২০১৩ সালে করপোরেশনের ১২টি (তিনটি নতুন কলেজসহ) কলেজের পাসের হার এর আগের বছরের তুলনায় কমে দাঁড়ায় ৭০ দশমিক ৬৮ শতাংশ। আর চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৩২ শতাংশে।
২০১১ থেকে ২০১৪ পর্যন্ত চার বছরে করপোরেশনের কলেজগুলো থেকে জিপিএ-৫ পেয়েছে যথাক্রমে ২২ জন, ৫৭ জন, ৩৬ জন ও ৩০ জন। এ ক্ষেত্রে তিনটি কলেজে একাধিকবার জিপিএ-৫ না পাওয়ার নজির রয়েছে। ২০১১, ২০১২ ও ২০১৩ সালে আইয়ুব বিবি সিটি করপোরেশন কলেজ থেকে কেউ জিপিএ-৫ পায়নি। ২০১১, ২০১২ ও ২০১৪ সালে পোস্তারপাড় সিটি করপোরেশন কলেজ থেকে এবং ২০১২ ও ২০১৪ সালে কুয়াইশ বুড়িশ্চর শেখ মো. সিটি করপোরেশন কলেজ থেকে কেউ জিপিএ-৫ পায়নি। এ ছাড়া, চলতি বছর পাঁচলাইশ এস এম নাছির উদ্দিন সিটি করপোরেশন কলেজের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
করপোরেশন সূত্র জানায়, করপোরেশনের বিদ্যালয় পর্যায়ে পরিদর্শনকাজ তদারকির জন্য দুজন শিক্ষা কর্মকর্তা থাকলেও কলেজের জন্য কোনো শিক্ষা কর্মকর্তা নেই। প্রধান শিক্ষা কর্মকর্তা জানান, কিছুদিনের মধ্যেই শিক্ষা বিভাগে নিয়োগ-প্রক্রিয়ার মাধ্যমে এ সংকট দূর করা হবে।