পরীক্ষায় পাসের হার বাড়ানো এবং বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে আন্দোলন শুরু করেছেন চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত ক্লাস ও হাসপাতালে প্র্যাকটিস বর্জন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রতিবছর অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সমাপনী পরীক্ষার ফলাফল বের হয়েছে ১৭ নভেম্বর। সেখানে ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণের সংখ্যা মাত্র ১১ জন। ওই পরীক্ষায় ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের আরও ২৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন মাত্র ১১ জন। এ ছাড়া ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের মধ্য পর্ব পরীক্ষায় ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র তিনজন উত্তীর্ণ হন। এতে করে প্রতিবছর অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, দেশের সরকারি সাতটি নার্সিং কলেজের মধ্যে চট্টগ্রাম নার্সিং কলেজে পাসের হার সবচেয়ে কম।
শফিউল আযম নামের একজন শিক্ষার্থী প্রথম আলোকে জানান, এ অবস্থা চলতে থাকলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন কত বছরে শেষ হবে, সেটি অনুমান করা কঠিন। এদিকে শিক্ষার্থীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্র্যাকটিস বর্জন করায় কর্মরত সেবিকা ও রোগীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক খোন্দকার শহিদুল গণি বলেন, নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।