এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সারা দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে কুমিল্লা বোর্ডে পাসের হার সবচেয়ে কম। গতবারের তুলনায় এবার এ বিভাগে পাসের হার কমেছে ২৪ দশমিক ৯৭। বিজ্ঞানে ছেলেরা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে মেয়েরা পাসের হারে এগিয়ে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ফলাফল বিবরণীতে এ তথ্য পাওয়া গেছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের ছয় জেলার ১ হাজার ৬৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৮২ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১ লাখ ৮ হাজার ১১ জন। এর মধ্যে ছেলে ৪৯ হাজার ৪৫৬ জন ও মেয়ে ৫৮ হাজার ৫৫৫ জন। পাসের হার ৫৯ দশমিক শূন্য ৩। ছেলেদের পাসের হার ৫৯ দশমিক ৫১ ও মেয়েদের পাসের হার ৫৮ দশমিক ৬৩। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫০ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ২৯৭ জন ও মেয়ে ২ হাজার ১৫৩ জন। বিজ্ঞান বিভাগে ৪৭ হাজার ৯১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৯ হাজার ৬৩১ জন। পাসের হার ৮৪ দশমিক ১৬। বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৩৩৮ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ২৮১ জন ও মেয়ে ২ হাজার ৫৭ জন।
মানবিক বিভাগে ৫৪ হাজার ৯৫৭ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছে ২২ হাজার ৬০৯ জন। পাসের হার ৪১ দশমিক ১৪। ছেলেদের পাসের হার ৩৬ দশমিক ৭০ ও মেয়েদের পাসের হার ৪২ দশমিক ৪৫। মানবিকে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। এর মধ্যে ২ জন ছেলে ও ২৮ জন মেয়ে।
ব্যবসায় শিক্ষা শাখায় ৮০ হাজার ৯৩১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৪৫ হাজার ৭৭১ জন। পাসের হার ৫৬ দশমিক ৫৬। ছেলেদের পাসের হার ৫২ দশমিক ২১ ও মেয়েদের পাসের হার ৬২ দশমিক ১৮। জিপিএ-৫ পেয়েছে ৮২ জন। এর মধ্যে ১৪ জন ছেলে ও ৬৮ জন মেয়ে।
কুমিল্লা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. শহিদুল ইসলাম বলেন, এ শিক্ষা বোর্ডে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত এবারই পাসের হার ও জিপিএ-৫ একেবারেই কমে গেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৪। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৯৫৪ জন। এবার জিপিএ-৫ কমেছে ২ হাজার ৫০৪টি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের দুটি বিদ্যালয় থেকে এবার কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বিদ্যালয় দুটি হলো কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাজী জাফর আহমেদ গার্লস হাইস্কুল ও পায়েরখোলা উচ্চবিদ্যালয়।
জানতে চাইলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ প্রথম আলোকে বলেন, ইংরেজি ও গণিতসহ অন্তত আটটি বিষয়ে খারাপ ফল করায় সার্বিক ফল বিপর্যয় হয়েছে। এ ছাড়া এবার খাতা মূল্যায়ন ও পরীক্ষা কেন্দ্রে কড়াকড়ি আরোপ এবং কঠোর নজরদারিও ছিল।
বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল খালেক বলেন, ইংরেজি ও গণিতে যেসব বিদ্যালয় খারাপ ফল করেছে, তাদের চিঠি দেওয়া হবে। পাসের হার কমার বিষয়টি বিশ্লেষণ করে আগামী দিনে ভালো করার জন্য পদক্ষেপ নেওয়া হবে।