পাসের হারে এগিয়ে সিলেট
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে ২০১২ সালের মতো এবারও পাসের হারের দিক থেকে সিলেট শিক্ষা বোর্ড সবার ওপরে। তবে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ১৩ শতাংশ, যা দেশের গড় পাসের হারের চেয়ে ৫ দশমিক ১ শতাংশ বেশি। তবে জিপিএ-৫ ও পাসের হার গতবারের তুলনায় কমেছে। ২০১২ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৭ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৫৩৫ জন। গতবার জিপিএ ৫ পেয়েছিলেন দুই হাজার ৬৫ জন শিক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, ‘সারা দেশের মধ্যে আমরা আবারও শীর্ষে। গতবারও ছিলাম। এ বিবেচনায় সিলেটের ফলাফল সন্তোষজনক। তবে গতবারের তুলনায় আমরা এগিয়ে যেতে পারিনি। এ জন্য দেশের রাজনৈতিক পরিস্থিতিও কিছুটা দায়ী।’
শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার ৪২ হাজার ৯৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৪ হাজার নয়জন। বিজ্ঞান বিভাগে ছয় হাজার ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন চার হাজার ৬৩৯ জন। পাসের হার ৭৬ দশমিক ২৭ শতাংশ। এই বিভাগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৯০৩ জন। মানবিকে ২৭ হাজার ৯৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২১ হাজার ৫৩৭ জন। পাসের হার ৭৬ দশমিক ৯৭ শতাংশ। এই বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ২৪৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে আট হাজার ৯১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন সাত হাজার ৮৩৩ জন। পাসের হার ৮৭ দশমিক ৮৪ শতাংশ। এই বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৩৮৮ জন।
সিলেটে বোর্ড সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থানে সিলেট ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সিলেট বোর্ডের দ্বিতীয় সেরা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আর তৃতীয় স্থানে রয়েছে এমসি কলেজ। এদিকে সিলেট শিক্ষা বোর্ড এবার প্রথম জেলাওয়ারি ফলাফল বিবরণী প্রণয়ন করেছে। এতে দেখা যায়, এই শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে সবার নিচে সুনামগঞ্জের অবস্থান। শীর্ষে সিলেট জেলা। দ্বিতীয় অবস্থানে রয়েছে হবিগঞ্জ। আর তৃতীয় হয়েছে মৌলভীবাজার।
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ—এ তিন বিভাগে এবার পাসের হার কমেছে। এ ছাড়া শতভাগ পাস করা কলেজের সংখ্যাও গতবারের তুলনায় এবার কমেছে। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১২টি। এবার আটটি।