বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জেলাভিত্তিক পাসের হারে এবার এগিয়ে আছে ঝালকাঠি ও ভোলা জেলা। আর জিপিএ-৫ এ বরিশাল।
বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর ১৩ হাজার ৪৬৪ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বরিশাল জেলার শিক্ষার্থীরাই পেয়েছে ৫ হাজার ৫১০টি। বাকি ৭ হাজার ৯৫৪টি জিপিএ-৫ পেয়েছে বাকি পাঁচ জেলার শিক্ষার্থীরা।
পাসের হারে প্রথম অবস্থানে থাকা ঝালকাঠি ও ভোলা জেলার পাসের হার যথাক্রমে ৯৮ দশমিক ৬৭ ও ৯৮ দশমিক ৫৪।
ঝালকাঠি জেলায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯ হাজার ৭৪০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ৬১০ জন। পাসের হার ৯৮ দশমিক ৬৭ ভাগ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪১১ জন।
ভোলার ২৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেছে ১৫ হাজার ৬১৮ জন। পাসের হার ৯৮ দশমিক ৫৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৮৫ জন। তৃতীয় অবস্থানে থাকা বরিশালের ৪৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার ৭৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৪ হাজার ৯২১ জন। পাসের হার ৯৭ দশমিক ৭০ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫১০ জন।
পটুয়াখালীর ৩০১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ হাজার ৭৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮ হাজার ২২৮ জন। পাসের হার ৯৭ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৪৭ জন। পিরোজপুরের ২৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেছে ১৩ হাজার ৭৫৮ জন। পাসের হার ৯৭ দশমিক ২১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৭৮ জন।
ষষ্ঠ অবস্থানে থাকা বরগুনার ১৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১১ হাজার ৮৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১১ হাজার ৪৬ জন। পাসের হার ৯৩ দশমিক ২০ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৩ জন।