পাসের হারে নিচে থাকা নয় কলেজের সাতটিই কুমিল্লার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা : এইচএসি পরীক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ১৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ–উল্লাসে মেতে ওঠেন। ছবিটি গতকাল কলেজের উচ্চমাধ্যমিক শাখা থেকে তোলা l এমদাদুল হক
কুমিল্লা : এইচএসি পরীক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ১৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ–উল্লাসে মেতে ওঠেন। ছবিটি গতকাল কলেজের উচ্চমাধ্যমিক শাখা থেকে তোলা l এমদাদুল হক

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত ৯টি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ১০ শতাংশের নিচে। এর মধ্যে ৭টি কলেজই কুমিল্লা জেলার। বাকি ২টি ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের।

কুমিল্লা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক বলেন, এ বছর এ বোর্ডভুক্ত ৩৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের পাসের হার ১০ শতাংশের নিচে। এসব কলেজের কোনো পরীক্ষার্থীই জিপিএ-৫ পাননি।

কুমিল্লা জেলার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩টিই মনোহরগঞ্জ উপজেলার। এ উপজেলার পঞ্চগ্রাম হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ৩০ জন পরীক্ষা দিয়ে মাত্র ১ জন (৩ দশমিক ৩৩ শতাংশ) পাস করেছেন। একই উপজেলার নীলকান্ত কলেজ থেকে ২২৬ জন পরীক্ষা দিয়ে ২২ জন (৯ দশমিক ৭৩) ও শাহ শরীফ কলেজ থেকে ৩১৫ জন পরীক্ষা দিয়ে ৩১ জন (৯ দশমিক ৮৯) পাস করেছেন।

এ ছাড়া জেলার বরুড়া উপজেলার বেগম জহিরা মহিলা কলেজ থেকে ৫৫ জন পরীক্ষা দিয়ে ২ জন পাস করেছেন। পাসের হার ৩ দশমিক ৬৪। মুরাদনগর উপজেলার বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কলেজ থেকে ২১৯ জন পরীক্ষা দিয়ে ১৫ জন (৬ দশমিক ৮৫) পাস করেছেন। কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৪ জন পরীক্ষা দিয়ে ৩ জন (৮ দশমিক ৮২) পাস করেছেন। চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া সরকারি কলেজ থেকে ২২১ জন পরীক্ষা দিয়ে ২১ জন (৯ দশমিক ৫০) কৃতকার্য হয়েছেন।

কুমিল্লা জেলার ফল খারাপ করা তিনটি কলেজের অন্তত পাঁচজন শিক্ষক দাবি করেন, শ্রেণিকক্ষে বেশির ভাগ শিক্ষার্থী অনুপস্থিত থাকে। এ কারণে শিক্ষকদের উপস্থিতিও কলেজে কম ছিল। তাই সিলেবাসের সঙ্গে তাল মেলাতে পারেনি শিক্ষার্থীরা। তা ছাড়া অন্যবারের তুলনায় এবার পরীক্ষার খাতা মূল্যায়ন কঠিন হয়েছে। পরীক্ষাকেন্দ্রেও কড়াকড়ি ছিল।

কুমিল্লার বাইরে চাঁদপুর জেলার হাজীগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজের পাসের হার ১০ শতাংশের নিচে। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২১৫ জন পরীক্ষা দিয়ে ১৮ জন (৮ দশমিক ৩৭) পাস করেছেন। আর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি থেকে ৯০ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৮ জন (৮ দশমিক ৮৯)।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম বলেন, পরীক্ষা ব্যবস্থাপনায় এবার বোর্ডের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হয়। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অসাধারণ ভূমিকা রেখেছেন। এসব কারণে বোর্ডে পাসের হার কমলেও শিক্ষার মান বেড়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ প্রথম আলোকে বলেন, খারাপ ফল করা কলেজগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে ভালো করার জন্য করণীয় কী, তা সুপারিশ আকারে জানতে চাওয়া হবে।