পাসের হারে বোর্ডের সেরা বরিশাল জেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে বরিশাল জেলা। এ জেলায় পাসের হার ৯৫ দশমিক ২৪। জেলার ৪৩০টি বিদ্যালয় থেকে ২৮ হাজার ১৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৬ হাজার ৬৮৪ জন। দ্বিতীয় স্থানে থাকা পটুয়াখালী জেলায় পাসের হার ৯৪ দশমিক ৫৬। এ জেলার ২৮৮টি বিদ্যালয় থেকে ১৩ হাজার ৭৯৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৩ হাজার ৪২ জন। তৃতীয় স্থানে রয়েছে ভোলা জেলা। এ জেলার ২৫৫টি বিদ্যালয় থেকে ১১ হাজার ৫১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার ৮২৪ জন। পাসের হার ৯৩ দশমিক ৯৯। বরগুনা জেলা রয়েছে চতুর্থ অবস্থানে। এ জেলায় পাসের হার ৯৩ দশমিক ৩৬। জেলার ১৭৩টি বিদ্যালয় থেকে আট হাজার ৮৩১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে আট হাজার ২৪৫ জন।পঞ্চম স্থানে থাকা পিরোজপুর জেলায় পাসের হার ৯২ দশমিক ৫৩। জেলার ২৭৬টি বিদ্যালয় থেকে ১২ হাজার ১৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১১ হাজার ২৩৬ জন।ষষ্ঠ স্থানে থাকা ঝালকাঠি জেলার ১৯৪টি বিদ্যালয় থেকে সাত হাজার ৮৩২ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে সাত হাজার ৭০ জন। পাসের হার ৮৯ দশমিক ৭০। মেয়েরা এগিয়ে: জেএসসির ফলাফলে এবারও মেয়েরা এগিয়ে রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলের চেয়ে মেয়ে বেশি দুই হাজার ৪০৬ জন। ফলাফলেও মেয়েরা ভালো করেছে। ছেলেদের পাসের হার ৯৩ দশমিক ৬৩। অন্যদিকে মেয়েদের পাসের হার ৯৩ দশমিক ৯৯। ছেলেরা জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৪৭ জন। অন্যদিকে মেয়েরা জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৮২৫ জন। তবে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হওয়ার ক্ষেত্রে ছেলেরা এগিয়ে রয়েছে। মোট বহিষ্কৃত ৪৩ জনের মধ্যে ৩১ জন ছেলে ও ১২ জন মেয়ে। তিন বিদ্যালয়ের কেউ পাস করেনি: বরিশাল বোর্ডে জেএসসি পরীক্ষায় তিনটি বিদ্যালয় থেকে ১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি। বিদ্যালয় তিনটি হলো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় (পরীক্ষার্থী ছয়জন), ভোলার হাজরী গং বালিকা জুনিয়র বিদ্যালয় (পরীক্ষার্থী তিনজন) এবং পিরোজপুরের পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয় (পরীক্ষার্থী ছয়জন)।