এবার এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ১৮ ভাগ। গত বছরের চেয়ে পাসের হার ১ দশমিক ৩৭ ভাগ কম। কিন্তু গত বছরের চেয়ে এবার জিপিএ-৫-এর সংখ্যা ৪৪৬টি বেড়েছে। ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাসের হার ১ দশমিক ২৩ ভাগ বেশি হলেও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে আছেন। রংপুর ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় কলেজটি দিনাজপুর বোর্ডে সেরা কলেজের মর্যাদা লাভ করেছে। ছয়টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। সাতটি কলেজ থেকে একজনও পাস করতে পারেননি। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার ৪৮৪টি কলেজ থেকে ৭৩ হাজার ৫৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছাত্রী ৩৬ হাজার ১৫৮ জন এবং ছাত্র ৩৭ হাজার ৪১০ জন। পাস করেছেন ৪৮ হাজার ৬৮৫ জন। পাশের হার ৬৬ দশমিক ১৮। ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৮০ ভাগ এবং ছাত্রদের পাসের হার ৬৫ দশমিক ৫৭ ভাগ। মোট জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ২৬০ জন। এর মধ্যে এক হাজার ২৭০ জন ছেলে এবং ৯৯০ জন মেয়ে। বোর্ডের সেরা ২০ কলেজের মধ্যে প্রথম হয়েছে রংপুর ক্যাডেট কলেজ। এই কলেজ থেকে ৫০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে ৮৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬৮ জন পাস করেছেন। আর জিপিএ-৫ পেয়েছেন ৩৮০ জন। তৃতীয় স্থান অর্জন করেছেন সৈয়দপুর গভ. টেকনিক্যাল কলেজ, নীলফামারী। চতুর্থ হয়েছে দিনাজপুর সরকারি কলেজ। দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া বলেন, সার্বিক দিক বিবেচনায় এই বোর্ডের ফলাফল ভালো হয়েছে। তবে যশোর ছাড়া বাকি বোর্ডগুলোর তুলনায় দিনাজপুর পিছিয়ে আছে। এর কারণ এই অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক এবং শিক্ষার্থী। শিক্ষকদের পাঠদানের ক্ষেত্রে ঘাটতি আছে। আর অর্থনৈতিক কারণে শিক্ষার্থীরা পিছিয়ে আছেন।বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক খ ম রফিকুল ইসলাম বলেন, নতুন বোর্ড হিসেবে দিনাজপুর বোর্ড এগিয়ে যাচ্ছে। এই বোর্ডের নিজস্ব কম্পিউটার কেন্দ্র নেই। এতে ফলাফল ঘোষণার বিষয়টি পুরোপুরি নির্ভর করতে হয় রাজশাহী বোর্ডের কম্পিউটার কেন্দ্রের ওপর।