দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এইচ-এসসি পরীক্ষায় পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছেন। তবে জিপিএ-৫ পাওয়ায় মেয়েদের চেয়ে ছেলেরা অনেক এগিয়ে। আর রংপুর শহরের সরকারি কলেজগুলোর চেয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভালো ফল করেছে।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৪ হাজার ৬৭৪ শিক্ষার্থী অংশ নেন। পাস করেছেন ৭২ হাজার ৮২৯ জন। পাসের হার ৭০ দশমিক ৬৪। ছাত্রী ছিলেন ৪৮ হাজার ৭১৬ জন। তাঁদের মধ্যে ৭৩ দশমিক ২৩ ভাগ পাস করেছেন। অন্যদিকে ৫৪ হাজার ৩৮০ ছাত্রের মধ্যে পাস করেছেন ৬৮ দশমিক ৩৩ ভাগ। এ বোর্ডে মোট ৩ হাজার ৮৯৯ জন জিপিএ-৫ পেয়েছেন। এবার জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ২ হাজার ৩৩৪ জন ছাত্র ও ১ হাজার ৫৬৫ জন ছাত্রী।
ঘোষিত ফলাফলে দেখা যায়, বোর্ডের অধীনে ১১টি কলেজের শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। একজনও পাস করেননি—এবার এমন কলেজের সংখ্যা আটটি। কলেজগুলো হলো রংপুরের পীরগাছা উপজেলার সাত দরগা, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রামপুর কলেজ, নীলফামারী সদরের নগর দারোয়ানী স্কুল অ্যান্ড কলেজ, জলঢাকার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দুহুলি এসসি স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বুড়াবুড়ি আজিতুল্লা হাইস্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ঢোলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ এবং দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ।
বেসরকারি কলেজ এগিয়ে: রংপুর শহরের তিনটি বেসরকারি কলেজের ১ হাজার ৭২৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৯৫ জন। অন্যদিকে তিনটি সরকারি কলেজের ২ হাজার ৯৪৮ জনের জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৪০৮ জন।
তিনটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৯০১ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পাস করেছেন ৮৯৮ জন; জিপিএ-৫ পেয়েছেন ৪৮৪ জন। পুলিশ লাইনস স্কুল ও কলেজের ৪৩৬ জনের সবাই পাস করেছেন; জিপিএ-৫ পেয়েছেন ৩০২ জন। আর কালেক্টরেট স্কুল ও কলেজের ৩৯১ জনের মধ্যে পাস করেছেন ৩৮০ জন; জিপিএ-৫ পেয়েছেন ২০৯ জন।
পুলিশ লাইনস স্কুল ও কলেজের অধ্যক্ষ জালাল আকবর বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার চর্চার মধ্যে রাখা হয়।
সরকারি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রংপুর সরকারি কলেজের ১ হাজার ২৯০ জনের মধ্যে পাস করেছেন ১ হাজার ১৮০ জন; জিপিএ-৫ পেয়েছেন ২৮৬ জন। কারমাইকেল কলেজের ৮৮৯ জনের মধ্যে পাস করেছেন ৮০২ জন; জিপিএ-৫ পেয়েছেন ১০৪ জন। আর সরকারি বেগম রোকেয়া কলেজের ৭৬০ জনের মধ্যে পাস করেছেন ৬৩৭ জন। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১৮ জন।