২০১১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে সবচেয়ে ভালো করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন চার হাজার ২৭৬ জন।গতকাল বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার আলিম পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটিই গত বছরের তুলনায় বেড়েছে।ফলাফল প্রকাশ উপলক্ষে গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুুরুল ইসলাম নাহিদ বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা এবারও ভালো ফলাফল করেছেন।মাদ্রাসা বোর্ডে বাংলা ও ইংরেজি বিষয়ে ১০০ নম্বরের করে পরীক্ষা হয়। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনেক বিভাগের শর্ত পূরণ করতে পারেন না। তাই বাংলা ও ইংরেজি বিষয়ে নম্বর ২০০ করে করার অগ্রগতি কতটুকু—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা করতে জনমতের প্রয়োজন। আমরা জনমত সৃষ্টির জন্য কাজ করছি।’এবার মোট আলিম পরীক্ষার্থী ছিলেন ৭৭ হাজার ২১৫ জন। তবে পরীক্ষায় অংশ নেন ৭৬ হাজার ১৫ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ৬৮ হাজার ৮৬ জন, পাসের হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ।পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪৪ হাজার ৪৮৫ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ৩৯ হাজার ৯১৬ জন, পাসের হার ৮৯ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৯৯১ জন। অন্যদিকে ৩১ হাজার ৫৩০ ছাত্রীর মধ্যে পাস করেছেন ২৮ হাজার ১৭০ জন। পাসের হার ৮৯ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ২৮৫ জন।মাদ্রাসা বোর্ডে সাধারণ, বিজ্ঞান, মুজাব্বিদ এবং মুজাব্বিদ (আংশিক)—এ চার শাখায় পরীক্ষা হয়। সাধারণ শাখায় ৭১ হাজার ৮০৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬৪ হাজার ৫০৩ জন। পাসের হার ৮৯ দশমিক ৮৩ শতাংশ। এ শাখায় ৪১ হাজার ৩৩৭ ছাত্রের মধ্যে পাস করেছেন ৩৭ হাজার ২২৫ জন। জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৬৮০ জন। অন্যদিকে ৩০ হাজার ৪৬৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ২৭ হাজার ২৭৮ জন। জিপিএ-৫ পেয়েছেন এক ১৯৪ জন।বিজ্ঞান শাখায় তিন হাজার ৯০০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন তিন হাজার ৪৭৫ জন। পাসের হার ৮৮ দশমিক ৬৪ শতাংশ। দুই হাজার ৯৬৩ জন ছাত্রের মধ্যে পাস করেছেন দুই হাজার ৬২৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩০৯ জন। ৯৩৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ৮৩০ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯১ জন।মুজাব্বিদ শাখায় ১৬২ পরীক্ষার্থীর মধ্যে ১২৬ জন পাস করেছেন। পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এ শাখা থেকে কেবল দুজন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। মুজাব্বিদ (আংশিক) শাখায় ১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪৮ জন। পাসের হার ৯৯ দশমিক ৩৩ শতাংশ। এ শাখার ফলাফল সনাতন পদ্ধতিতে হয়।বোর্ডের সেরা ১০: মাদ্রাসা বোর্ডে এবার প্রথম হয়েছে ঢাকার ডেমরার তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দ্বিতীয় হয়েছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, তৃতীয় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী (গাজীপুর) শাখা, চতুর্থ ডেমরার দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, পঞ্চম হয়েছে পিরোজপুরের ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা।ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে—খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রামের পাঁচলাইশের জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ডেমরার তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (মহিলা শাখা), নরসিংদীর জামেয়া-ই-কাসেমিয়া কামিল মাদ্রাসা এবং ফেনীর আল-জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা।