পাসের হারে সবার পেছনে সিলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) পাসের হারের দিক দিয়ে সারা দেশের মধ্যে সিলেট বিভাগ সবার নিচে রয়েছে। এ বিভাগের গড় পাসের হার ৯৬ দশমিক ৭৯ শতাংশ। এর মধ্যে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় পাসের হার সবচেয়ে কম।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় জেলার ১২টি উপজেলার ফলাফল সরবরাহ করা হয়। এ ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিয়ানীবাজার উপজেলায় পাসের হার ৯৩ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২০৬ জন। উপজেলাটি আছে ১২তম অবস্থানে। এর আগে আছে কানাইঘাট উপজেলা। এখানে পাসের হার ৯৪ দশমিক ৩৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৬১ জন।
বিয়ানীবাজার উপজেলার নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা দাশ বলেন, সাধারণত দুটি কারণে ফলাফল খারাপ হয়ে থাকতে পারে। এর মধ্যে অভিভাবকদের অসচেতনতা ও দরিদ্রতা উল্লেখযোগ্য। গরিব পরিবারের সন্তানদের মা-বাবারা কাজের জন্য বাড়ির বাইরে যান। এতে ওই পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়ে না আসার প্রবণতা বেড়ে যায়। এটি ফলাফলে বেশ প্রভাব ফেলে।
এ ছাড়া দশম অবস্থানে থাকা বিশ্বনাথ উপজেলায় পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৫৪ জন। নবম অবস্থানে আছে গোয়াইনঘাট উপজেলা। এখানে পাসের হার ৯৬ দশমিক ৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন।
অষ্টম অবস্থানে থাকলেও সিলেট সদর উপজেলায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি। এ উপজেলায় পাসের হার ৯৬ দশমিক ২৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৮৪ জন। সপ্তম অবস্থানে থাকা জকিগঞ্জ উপজেলায় পাসের হার ৯৬ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন।
ষষ্ঠ অবস্থানে থাকা কোম্পানীগঞ্জ উপজেলায় পাসের হার ৯৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১২২ জন। বালাগঞ্জ উপজেলা আছে পঞ্চম অবস্থানে। এখানে পাসের হার ৯৭ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন। চতুর্থ অবস্থানে থাকা গোলাপগঞ্জ উপজেলায় পাসের হার ৯৮ দশমিক ১৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪৩৭ জন। ফেঞ্চুগঞ্জ উপজেলায় পাসের হার ৯৮ দশমিক ৩১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৩১ জন। উপজেলাটি তৃতীয় অবস্থানে আছে।
জেলায় সবচেয়ে বেশি ভালো ফল করেছে দক্ষিণ সুরমা উপজেলা। এ উপজেলায় পাসের হার ৯৯ দশমিক ২৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৭২ জন। এরপরই দ্বিতীয় অবস্থানে রয়েছে জৈন্তাপুর উপজেলা। সেখানে ৯৮ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৬১ জন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হবে।
এদিকে সিলেট জেলায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৮৯ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। এর মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলায় পাসের হার শতভাগ। এ উপজেলা থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ না পেলেও ৭৯ জন পরীক্ষা দিয়ে প্রত্যেকেই পাস করেছে।
সিলেট জেলায় গড় পাসের হার ৯৬ দশমিক ৬৪ শতাংশ এবং জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৮১ জন শিক্ষার্থী।