পাসের হারে সেরা মেয়েরাও সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এবার সর্বোচ্চ পাসের হার রাজশাহী শিক্ষা বোর্ডে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭২ দশমিক ৩৬ শতাংশ হলেও রাজশাহী বোর্ডের পাসের হার ৭৯ দশমিক ০১ শতাংশ। এর মধ্যে গতবারের মতো এবারও ছেলেদের চেয়ে পাসের হারে এগিয়ে আছেন মেয়েরা। শিক্ষক ও অভিভাবকেরা বলছেন, মেয়েরা ছেলেদের চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগী। রাজশাহী বোর্ডে এবার ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ৭৪ ও মেয়েদের ৮১ দশমিক ৭১ শতাংশ। গতবার পাসের হার ছিল ছেলেদের ৭৪ দশমিক ২০ ও মেয়েদের ৭৬ দশমিক ৮৬ শতাংশ। পাসের হারে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিন বিভাগেই মেয়েরা ভালো করেছেন। বিজ্ঞান বিভাগের মেয়েদের পাসের হার ৭৭ দশমিক ৩৫, ছেলেদের ৭১ দশমিক ৯৯; মানবিক বিভাগের মেয়েদের পাসের হার ৮০ দশমিক ৬০, ছেলেদের ৭২ দশমিক ৮৬; ব্যবসায় শিক্ষা বিভাগের মেয়েদের পাসের হার ৯২ দশমিক ৭৩ ও ছেলেদের ৮৬ দশমিক ৫৩ শতাংশ। তবে মোট জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে গতবারের মতোই ছেলেরা এগিয়ে। এবার রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন পাঁচ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী, এর মধ্যে দুই হাজার ৯৪৯ জন ছাত্র এবং দুই হাজার ৬৩৯ জন ছাত্রী। গতবার তিন হাজার ৮২ জন ছেলে ও দুই হাজার ৫২০ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছিলেন। রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার জিপিএ-৫ পেয়েছেন ফাতেমা ইয়াসমিন। মেয়ের ভালো ফলাফলের ব্যাপারে মা রাজিয়া সুলতানা বলেন, ‘পড়াশোনার ব্যাপারে মেয়ে যথেষ্ট আন্তরিক। ওর বাবা নেই। ও কখনোই আমার কথার বাইরে যায় না।’ এবার রাজশাহী শিক্ষা বোর্ডে সেরা ২০ কলেজের মধ্যে রয়েছে রাজশাহী সরকারি মহিলা কলেজ। কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান বলেন, ‘মেয়েরা শ্রেণীকক্ষমুখী। সামাজিক কারণেই তারা পড়াশোনায় একটু এগিয়ে থাকে।’ সর্বোচ্চ পাসের হারের ব্যাপারে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তানবিরুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার একটা প্রবণতা তৈরি হয়েছে। অভিভাবকদেরও সচেতনতা বেড়েছে। প্রতিষ্ঠানের তদারকির পাশাপাশি এগুলোর কারণেই ভালো ফল হয়েছে।’চেয়ারম্যান বলেন, সারা দেশের মধ্যে সেরা নয়, তাঁর প্রত্যাশা ছিল পাসের হারটা আরেকটু বেশি হবে। কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্র ও বিজ্ঞান বিভাগের দুটি বিষয়ের পরীক্ষা খারাপ হওয়ায় তা হয়নি।