ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাটের গেট পাসের হিসাবে গরমিল পাওয়া গেছে। অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সুপার আবদুর রব ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করছেন। এ ঘটনায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে আবদুর রব ভূঁইয়াকে।
গত সাতটি হাটে যাতায়াতের জন্য অফিস সুপারের কার্যালয় থেকে ৫ হাজার ৬৫২ জনের পাস বিতরণ করার দাবি করা হলেও বিজিবির হিসাব অনুযায়ী ওই সাত দিনে শুধু এক দিনের পাস নিয়ে হাটে গেছেন ৮ হাজার ৬৬৩ জন। এতে ৯০ হাজার ৩৩০ টাকা থেকে সরকার রাজস্ববঞ্চিত হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কসবা পৌর এলাকার তারাপুর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর এলাকায় দুই দেশের সমপরিমাণ ১ একর ৫০ শতক জায়গাজুড়ে সীমান্ত হাট বসে। গত বছরের ৬ জুন আনুষ্ঠানিকভাবে এই হাটের উদ্বোধন করা হয়। হাটে যাতায়াতের জন্য বার্ষিক কার্ড ১০০ টাকা এবং এক দিনের পাস ২০ টাকা নির্ধারণ করা হয়। তবে এ বছরের ২৯ জুন বার্ষিক কার্ড ২০০ টাকা এবং প্রতিদিনের পাস ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়। এ কার্ড ইউএনও কার্যালয়ের অফিস সুপার আবদুর রব ভূঁইয়া স্বাক্ষর করে বিতরণ করেন।
অনুসন্ধানে দেখা গেছে, কসবা বিজিবি ক্যাম্পের তালিকা অনুযায়ী ১৬ অক্টোবর এক দিনের পাসের অনুমতি নিয়ে হাটে যাতায়াত করেছেন ১ হাজার ৪২৫ জন। আবদুর রব ভূঁইয়া সরকারি কোষাগারে জমা করেছেন ৯৯৮ জনের টাকা। একইভাবে ৯ অক্টোবর এক দিনের পাস নিয়ে হাটে গেছেন ১ হাজার ৫২৫ জন। আর ওই সুপার সরকারি কোষাগারে জমা করেছেন ১ হাজার জনের টাকা।
২ অক্টোবর এক দিনের পাস নিয়ে হাটে গেছেন ৫০৬ জন। অফিস সুপার সরকারি কোষাগারে টাকা জমা করেছেন ৩১৪ জনের। গত ২৭ সেপ্টেম্বর এক দিনের পাস নিয়ে হাটে গেছেন ১ হাজার ৮৩৬ জন। অফিস সুপার সরকারি কোষাগারে টাকা জমা করেছেন ১ হাজার জনের। ২০ সেপ্টেম্বর এক দিনের পাস নিয়ে হাটে গেছেন ১ হাজার ৩৯২ জন। অফিস সুপার সরকারি কোষাগারে টাকা জমা করেছেন ১ হাজার জনের।
ইউএনও হাসিনা ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে সহকারী কমিশনার মোছা. আলপনা ইয়াছমিন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকৌশলী আবদুল বাছিরকে দিয়ে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকালও তদন্ত প্রতিবেদন তিনি পাননি।
আবদুর রব ভূঁইয়া বলেন, সাতটি হাটের হিসাব অনুযায়ী ৫ হাজার ৬৫২ জনের টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। তিনি কোনো অতিরিক্ত রসিদ ছাপাননি বলে দাবি করেছেন। অতিরিক্ত রসিদ কোথা থেকে এসেছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের ধরে নিয়ে এসে প্রমাণ করেন।