পাসের ৩০ বছর পর সনদ!
সিরাজগঞ্জের আলমপুর বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে ১৯৮০ সালে এসএসসি পাস করেছেন আফসার আলী। পাসের প্রায় ৩০ বছর পর ১ এপ্রিল আফসারের মূল সনদপত্রটি শিক্ষা বোর্ড থেকে ডাকযোগে তাঁর কাছে পাঠানো হয়েছে। ওই দিন রাজশাহী শিক্ষা বোর্ড থেকে আরও ১৪ জনকে সনদপত্র দেওয়া হয়েছে। যাঁরা মাধ্যমিক পরীক্ষায় পাসের ১৩ থেকে ৩০ বছর পর সনদপত্র পাচ্ছেন। ১ এপ্রিল সনদ হস্তান্তরের সময় ১৪ জনের মধ্যে শুধু প্রদীপ কুমার উপস্থিত ছিলেন। অন্যদের সনদপত্র পর্যায়ক্রমে ডাকযোগে পাঠানো হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও বোর্ডের একশ্রেণীর কর্মকর্তার কর্তব্য অবহেলার কারণে নিবন্ধন নম্বর না পাওয়ায় তাঁরা দশকের পর দশক ধরে মূল সনদপত্র পাননি বলে অভিযোগ রয়েছে।জানা যায়, শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যানের উদ্যোগে বিশেষ নিবন্ধন নম্বর প্রস্তুত করে এ ১৪ জনকে সনদপত্র দেওয়া হয়। প্রদীপের সরকারি চাকরিতে আবেদনের বয়স আছে মাত্র এক বছর। এসএসসি পরীক্ষায় পাসের পর ১৩টি বছর সনদের জন্য তাঁকে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে। প্রদীপকে নিয়ে ২০০৭ সালের ১৪ ডিসেম্বর ‘প্রদীপ কি নিভে যাবে?’ শিরোনামে প্রথম আলোতে একটি খবর ছাপা হয়। বোর্ডসূত্রে জানা যায়, যাঁদের সনদপত্র দেওয়া হয়েছে তাঁদের মধ্যে আনিছুর রহমান ১৯৯৭ সালে রাজশাহীর দুর্গাপুর পাইলট উচ্চবিদ্যালয় ও আসাদুজ্জামান কুড়িগ্রামের জোড়াগাছা থেকে ১৯৯৬ সালে এসএসসি পাস করেন। উচ্চমাধ্যমিক-পর্যায়ে যাঁরা সনদ পেলেন তাঁদের মধ্যে আছেন রংপুরের আজাদুর রহমান চৌধুরী, কুড়িগ্রামের রিফেঙ্গেল সুলতানা, জয়পুরহাটের সিরাজুল ইসলাম ও ছোলায়মান আলী, বগুড়ার ইকবাল আহমেদ চৌধুরী, পাবনার আকেদা খাতুন, রংপুরের ময়নুর রহমান, মোসলেম উদ্দিন ও তছির উদ্দিন, নওগাঁর আতাউর রহমান। তাঁরা ১৯৮০ থেকে ১৯৯৪ সালের যেকোনো বছর এইচএসসি পাস করেন। মোসলেম উদ্দিন ১৯৮৭ সালে অনিয়মিত শিক্ষার্থী হিসেবে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি অভিযোগ করেন, সে সময় তাঁকে শুধু প্রবেশপত্র দেওয়া হয়েছিল। তিনি গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘এই সনদপত্রের জন্য ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত কমপক্ষে ১২ বার আমি বোর্ডে গিয়েছি।’ রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দীপকেন্দ্রনাথ দাশ বলেন, এ ঘটনার সঙ্গে শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু দায়িত্বজ্ঞানহীন ও অসাধু লোক জড়িত। বোর্ডের এ ধরনের অনেক কর্মচারীই অবসরে চলে গেছেন, যাঁরা আছেন তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।