জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় কম্পিউটার প্রোগ্রামের ভুলের কারণে কয়েক শ শিক্ষার্থী পাস ও ফেলের চক্করে পড়েছেন। অকৃতকার্য এসব শিক্ষার্থীকে ওই ভুলে প্রথমে পাস দেখানো হয়েছিল। পরে বিষয়টি ধরা পড়ায় সংশোধন করে তাঁদের অকৃতকার্য দেখানো হয়।
বিষয়টি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আলোচনা চলছে। গত ২২ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের মোট ১৪০০ নম্বরের ওপর ভিত্তি করে চূড়ান্ত ফল তৈরি করা হয়। এর মধ্যে তৃতীয় বর্ষে বাংলা ও ইংরেজিতে ১০০ করে মোট ২০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। এর বাইরে চারটি বিষয়ে আরও ৪০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। ওই ৪০০ নম্বরের মধ্যে আগে পাস নম্বর ১০০ থাকলেও এখন পাস নম্বর ১৩২। কিন্তু এবার ফল তৈরির সময় কম্পিউটারে একটি গ্রোগ্রামের ভুলের কারণে যাঁরা ওই ৪০০ নম্বরের মধ্যে ১০০ কিংবা তার বেশি (১৩২-এর কম) নম্বর পেয়েছেন, তাঁরাও পাস করেছেন বলে দেখানো হয়। এতে প্রকৃতপক্ষে অকৃতকার্য এমন কয়েক শ শিক্ষার্থীকে পাস দেখানো হয়। বিষয়টি জানাজানি হলে ২৫ সেপ্টেম্বর তা সংশোধন করে তাঁদের অকৃতকার্য দেখিয়ে আবার ফল প্রকাশ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, ডিগ্রির ফল নিয়ে একটি ভুল হয়েছিল। বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে তা সংশোধন করে দেওয়া হয়েছে।