পাহাড় কাটছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ!
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) প্লট তৈরি করতে পাহাড় কাটছে৷ পাহাড় কাটার মাটি দিয়ে ভরাট করা হচ্ছে পুকুর৷ বিদ্যমান খাল সংকুচিত করে প্রতিরোধ দেয়াল নির্মাণ করায় এটি নালার আকার ধারণ করেছে৷
চট্টগ্রামের সীতাকুণ্ডের সিলিমপুর আবাসিক এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে এ কার্যক্রম পরিচালনা করছে সিডিএ৷ এখানে নতুন ৭০টি প্লট তৈরি করা হবে৷
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘সিলিমপুর আবাসিক এলাকায় পাহাড় কাটার অভিযোগ পেয়েছি৷ সিডিএ এ জন্য কোনো অনুমতি নেয়নি।’
সিডিএর এমন কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে নগর পরিকল্পনাবিদ জেরিনা হোসেন বলেন, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখেই উন্নয়নকাজ করা উচিত৷
তবে পাহাড় কাটার বিষয়টি অস্বীকার করেছেন সিডিএর প্রধান প্রকৌশলী মো. জসিম উদ্দিন চৌধুরী৷
গত রোববার সকালে সরেজমিনে দেখা যায়, আবাসিক এলাকার বি ব্লকের পূর্ব পাশে দুটি পাহাড়ের চূড়া থেকে মাটি কাটা হয়েছে৷ একটি পাহাড়ের মাটি সরিয়ে নেওয়া হলেও আরেকটির মাটি পাশে স্তূপ করে রাখা হয়৷ কাটা পাহাড়ের পাশে একটি এক্সকাভেটর ও একটি ট্রাক পড়ে আছে৷ এদিন পাহাড় কাটা হয়নি বলে জানান ট্রাকচালকের সহকারী আতিক৷
পাহাড় কাটার মাটি নিয়ে যাওয়া হচ্ছে আবাসিক এলাকার ১ নম্বর সড়কের খালি জায়গায়৷ এই মাটি দিয়ে ওই এলাকার একটি ছোট আকারের পুকুর ভরাট করা হচ্ছে৷ এ ছাড়া পাশে অবস্থিত প্রাকৃতিক খালের একটি অংশে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷ আঁকাবাঁকা খালের এক পাশ কেটে ও আরেক পাশ ভরাট করে সোজা করা হচ্ছে৷ খালের দুই পাশে প্রতিরোধ দেয়াল নির্মাণ করায় এটি নালার আকৃতি ধারণ করেছে৷
আবাসিক এলাকার নিরাপত্তা প্রহরী মো. ইছাক প্রথম আলোকে বলেন, ছয় দিন ধরে পাহাড়ের মাটি কেটে আবাসিক এলাকার বিভিন্ন অংশ ভরাট করা হচ্ছে৷ মাটি সমান করার পর এখানে স্টাফদের জন্য প্লট তৈরি করা হবে৷
সিডিএ সূত্রে জানা গেছে, সিলিমপুর আবাসিক এলাকায় ২৭০টি প্লট বরাদ্দ দিতে গত বছরের সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি দেওয়া হয়৷ পরে মামলার কারণে প্লটসংখ্যা কমিয়ে ৭০টি করা হয়৷ তিন ও চার কাঠা আয়তনের প্লটের প্রতি কাঠার দাম ধরা হয় ১০ লাখ টাকা৷ গত আট মাসেও এসব প্লট বরাদ্দ দিতে পারেনি সিডিএ।
সিডিএর উপসচিব অমল গুহ বলেন, ‘প্রায় ৪০০ জন আবেদন করলেও ১৫-২০ জন তাঁদের জামানত ফেরত নিয়েছেন৷’
সিলিমপুর আবাসিক এলাকা কল্যাণ সমিতি এবং সিডিএ কর্মচারী লীগ প্রকল্প এলাকায় খালি জায়গা না থাকায় প্লট বরাদ্দের প্রক্রিয়া নিয়ে শুরুতেই প্রশ্ন েতালে৷ প্রাকৃতিক লেক ভরাট ও পাহাড় কেটে এবং হিলটপ কমিউনিটি সেন্টারের জন্য নির্ধারিত জায়গা বাতিল করে এসব প্লট দেওয়া হবে বলে আশঙ্কা প্রকাশ করে সংগঠন দুটি৷ তখন তারা এই প্রক্রিয়া বন্ধের দাবি জানায়৷
সূত্র জানায়, নতুন প্লট তৈরি করতে আগের নকশায় পরিবর্তন এনেছে সিডিএ৷ এখন নতুন নকশা অনুযায়ী প্রকল্প এলাকায় উন্নয়নকাজ চলছে। আর এসব প্লট তৈরি করতে গিয়ে পাহাড় কাটা, পুকুর ভরাট ও খাল সংকুচিত করা হচ্ছে।
নকশা পরিবর্তনের বিষয়টি স্বীকার করে সিডিএর নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী বলেন, ‘আগের নকশা অনুযায়ী কিছু অব্যবহৃত জায়গা ছিল। নকশা পরিবর্তন করে এগুলো ব্যবহারোপযোগী করা হচ্ছে। সেখানে প্লট, শপিং সেন্টার, স্বাস্থ্যকেন্দ্রে ইত্যাদি গড়ে তোলা হবে।’ খাল ভরাট প্রসঙ্গে তিনি বলেন, উৎসস্থলে খালটি ১৫-২০ ফুট চওড়া৷ তাই পুরো খালে একই চওড়া রেখে এর দুই পাশে প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হচ্ছে। আর পুকুর নয়, ডোবা ভরাট করা হচ্ছে৷