পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে নোটিশ
চট্টগ্রামের লালখান বাজার মতিঝর্ণা এলাকায় পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল শুক্রবার দুপুরে পাহাড় কাটার স্থান সরেজমিনে পরিদর্শন শেষে অধিদপ্তরের কর্মকর্তারা এ নোটিশ দেন। এই এলাকায় যেকোনো সময় বড় ধরনের পাহাড়ধসের আশঙ্কাও করছে পরিবেশ অধিদপ্তর। নোটিশ পাওয়া ব্যক্তির নাম মো. জাবেদ।
এ সময় নুরুল আলম চৌধুরী নামের অপর এক ব্যক্তিকে নোটিশ দিলেও তিনি নোটিশটি গ্রহণ করেননি বলে জানা গেছে। দুজনের বিরুদ্ধে পাহাড় কেটে ঘর ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে।
জানা গেছে, গতকাল সকালে নুরুল আলম চৌধুরী নগরের খুলশী থানা ও পরিবেশ অধিদপ্তরে মৌখিক অভিযোগ করেন যে মতিঝর্ণা ৭ নম্বর সড়ক এলাকায় তাঁদের ভাড়া ঘরের নিচে জাবেদ নামের একজন পাহাড় কেটেছেন। এ অভিযোগ খতিয়ে দেখার জন্য খুলশী থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পাহাড়টির ছোট একটি অংশ ধসে পড়েছে বলে পুলিশ জানায়। এরপর অধিদপ্তরের রসায়নবিদ জমির উদ্দিনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে নোটিশ দেয়।