পাহাড় কেটে পাথর উত্তোলনের দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অবৈধভাবে পাহাড় কেটে পাথর উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ডাদেশ দেন।
কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলা পশ্চিম শমুশ্চুড়া গ্রামের হজরত আলী ও পূর্ব শমুশ্চুড়া গ্রামের সাইদুল ইসলাম। আদালত পরিচালনা করেন ইউএনও আবু সাঈদ মোল্লা।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে উপজেলার গারো পাহাড় কেটে একশ্রেণির অসাধু ব্যবসায়ী পাথর উত্তোলন করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সকালে গারো পাহাড়ে পুলিশ অভিযান চালায়। এ সময় হজরত ও সাইদুরকে ৪০০ সিএফটি পাথরসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইনে ওই দুজনকে কারাদণ্ড দেওয়া হয়।
নালিতাবাড়ী থানার এসআই আরিফ হোসাইন জানান, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে রোববার দুপুরে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।