পাহাড় কেটে মাটি বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে৷ উপজেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মীরা এসব ঘটনায় জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে৷
স্থানীয় লোকজন অভিযোগ করেন, এক সপ্তাহ ধরে মডেল টাউন এলাকায় বাজার সম্প্রসারণের অংশে পাহাড় কাটা বন্ধ রয়েছে। এ সুযোগে ওই স্থান থেকে উপজেলা আওয়ামী লীগের সদস্য জমির হোসেন, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক শুভ্রত বড়ুয়া ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মিঠুর নেতৃত্বে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে৷
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে কাচালং বাজার সম্প্রসারণের জন্য ৮০ লাখ টাকা দরপত্র আহ্বান করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। ৮০ লাখ টাকার কাজ পায় এসএস ট্রেজার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ প্রকল্পের কাজ হলো টিলা কেটে সমান করা এবং মাটি ধরে রাখার জন্য রক্ষা দেয়াল নির্মাণ করা। ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের ছড়ার ওপর দুটি রক্ষা দেওয়া নির্মাণ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার কারণে টিলা কাটার সময় একাধিকবার কাজ বন্ধ করে দেওয়া হয়।
গতকাল সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে মডেল টাউন এলাকায় শ্রমিক দিয়ে পাহাড় কাটা হচ্ছে। বিশাল একটি টিলা ধ্বংসের পথে। এসব মাটি পাঁচ-ছয়টি ট্রাফে ট্যাক্টর দিয়ে উপজেলার সদরে বিভিন্ন ফসলি জমি ও বিল ভরাট করা হচ্ছে। এ ছাড়া পাহাড় কাটার ফলে বেইলি িব্রজ-কালীবাড়ি সড়ক ও ১৫ থেকে ২০টি বসতবাড়ি পাহাড়ধসের হুমকির মুখে পড়েছে।
ট্রাফে ট্যাক্টরচালক মো. নুরুল হক বলেন, ‘আমরা দৈনিক মজুরি হিসেবে পাহাড় কেটে মাটি ভরাটের কাজ করছি। প্রতি এক গাড়ি মাটি কত নেয় আমাদের জানা নেই।’ স্থানীয় রিয়াদ মোহাম্মদ বলেন, আওয়ামী লীগের জমির হোসেন, আনোয়ার হোসেনসহ বেশি কিছু নেতা-কর্মী পাহাড় কেটে মাটি বিক্রি করছেন। তাঁরা প্রতি গাড়িতে ৪০০ টাকা করে নিচ্ছেন।
পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক ও ঠিকাদারের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন বলেন, ‘সরকারিভাবে পাহাড় কাটার অনুমতি আমাদের কাছে রয়েছে। প্রকল্পের কাজে মাটিগুলোর জায়গা সংকুলান না হওয়ায় বাইরে ফেলা হচ্ছে। আমরা কোনো মাটি বিক্রি করছি না।’ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুজিত চক্রবর্তী দাবি করেন, ছাত্রলীগের কেউ পাহাড় কাটা ও মাটি বিক্রির সঙ্গে জড়িত নন।
এসএস ট্রেজার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. জসিমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা পাহাড় কেটে মাটি বিক্রি করছেন—এমনটি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখব।’