পাহাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের সিদ্ধান্ত
পাহাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বিদ্যুৎ, গ্যাস এবং পানি-সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামে শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও বিভিন্ন সভায় একই সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মকবুল হোসেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম নগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক, উপপুলিশ কমিশনার পরিতোষ ঘোষ প্রমুখ বক্তব্য দেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বলেন, জেলা প্রশাসন এবং সিটি করপোরেশন পাহাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবে। বেসরকারি উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানকে পাহাড়ের অবৈধ দখলদারদের পরিষেবা এবং সহযোগিতা দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন তিনি।
বিভাগীয় কমিশনার রুহুল আমীন বলেন, সরকারি মালিকানাধীন পাহাড়ের পাশাপাশি বেসরকারি মালিকানাধীন পাহাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। এ জন্য পাহাড়ের মালিকদের সহযোগিতা চাওয়া হবে। পাশাপাশি পাহাড় কাটা রোধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বিভিন্ন বক্তা বর্ষা মৌসুমে পাহাড়ধসে মৃত্যু ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে গত বছরের ১৫ এপ্রিল শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১৪তম সভায়ও অবৈধ দখলদারদের পাহাড় থেকে উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছিল। একই বছর ২ জুন অনুষ্ঠিত কমিটির বিশেষ সভায়ও একই সিদ্ধান্ত হয়। গত বছর বর্ষা মৌসুমে পাঁচ শতাধিক বসতি উচ্ছেদ করা হলেও বর্ষার পর আবার সেখানে বসতি গড়ে তোলা হয়।
জানতে চাইলে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘দখলদারদের বিরুদ্ধে আমাদের অবস্থান এখন কঠোর। দখলদারদের মধ্যে বিভিন্ন জনপ্রতিনিধি এবং প্রভাবশালী ব্যক্তিও রয়েছেন। এ বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনও রয়েছে। আমরা তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। এখন এদের উচ্ছেদ করা হবে।’ এ ছাড়া পাহাড় কাটা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে তিনি জানান।