পাহাড় থেকে আরও ৪০টি বসতি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পাহাড়ের ঢাল ও পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার নগরের টাইগারপাসের এ কে খান পাহাড় থেকে ৪০টি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযান শুরুর আগে ঝুঁকিপূর্ণ ও অবৈধ এসব বসতি থেকে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করা হয়। তিন দিন ধরে এ প্রচারণা চালানো হয়। পাহাড়ের পাদদেশে থাকা বসতির অধিকাংশ ছিল টিনের তৈরি। কয়েকটি আধা পাকা ঘরও ছিল সেখানে। অভিযান শুরুর আগে ঘরগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে থাকা সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে যাওয়ার জন্য কয়েক দিন ধরে মাইকিং করা হয়। কিছু পরিবার স্বেচ্ছায় চলে গেছে। আর যারা যায়নি, তাদের বসতি উচ্ছেদ করা হয়েছে।
অভিযান চলাকালে বেলা একটার দিকে ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিয়াছ হোসেন। সাংবাদিকদের জেলা প্রশাসক বলেন, এ কে খান পাহাড়ে প্রায় ১০০ অবৈধ স্থাপনা আছে। ধারাবাহিকভাবে সব উচ্ছেদ করা হবে।
গতকালের অভিযান সমন্বয় করেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান সিদ্দিক। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আফজাল হোসেন ও ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান। অভিযানে পুলিশ, র্যা ব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া সিটি করপোরেশন ও রেলওয়ের শ্রমিকেরা উচ্ছেদ কার্যক্রমে সহায়তা করেন।
গত ১৪ জুন থেকে চট্টগ্রাম জেলা প্রশাসন পাহাড়ের পাদদেশ ও ঢাল থেকে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান শুরু করে। প্রথম দিন লালখান বাজারের মতিঝর্ণা পাহাড় থেকে ১৮টি বসতি উচ্ছেদ করা হয়। গতকাল পর্যন্ত দুটি অভিযানে ৫৮টি বসতি উচ্ছেদ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শহরের ৩০টি পাহাড়ের ঢালে ও পাদদেশে স্বল্প ও অধিক ঝুঁকিতে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ১০ লাখ। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬৬৬টি পরিবারকে উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে।