রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে গতকাল বুধবার। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা পার্বত্য চট্টগ্রামের পাহাড়কে সবুজে আচ্ছাদিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
রাঙামাটি পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বন রক্ষায় বন বিভাগের খবরদারি নয়, জনগণের সচেতনতা দরকার। জনগণকে সঙ্গে নিয়ে পাহাড়ে বন সৃষ্টি করতে হবে। পার্বত্য চট্টগ্রামের মানুষ এখন অনেক সচেতন বলে উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন নিজেদের জায়গা খালি না রেখে নানা ফলদ ও বনজ বাগান সৃষ্টি করছে।
নারী সাংসদ ফিরোজা বেগম বলেন, পাহাড়ে একসময় প্রচুর গাছ ছিল। এখন পার্বত্য চট্টগ্রামের পাহাড় গাছশূন্য হয়ে পড়েছে। পাহাড়কে আবার সবুজে আচ্ছাদিত করার পরিকল্পনা নিতে হবে।
রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী, রাঙামাটি অঞ্চলের বনসংরক্ষক মো. শামসুল আজম, রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।
উদ্বোধনের আগে রাঙামাটির জেলা প্রশাসন কার্যালয় থেকে পৌরসভা প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।