পাহাড়ধসে ট্রেন চলাচলে বিঘ্ন, হবিগঞ্জে জলাবদ্ধতা
প্রবল বর্ষণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়ায় গতকাল সোমবার পাহাড়ধসে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যান চলাচল নয় ঘণ্টা বন্ধ ছিল৷ একই স্থানের রেলপথের ওপর পাহাড়ধসের পাশাপাশি পানি ওঠায় ট্রেন চলাচল আধা ঘণ্টা বন্ধ ছিল৷
এদিকে গত দুই দিনের প্রবল বর্ষণে হবিগঞ্জে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে পৌর এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে৷ গতকাল সকালে দুই ঘণ্টার বর্ষণে শহরের প্রধান সড়কসহ পাড়া–মহল্লার অলিগলি জলাবদ্ধ হয়ে পড়ে। অনেকের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পানিতে ডুবে যায়। বাদ যায়নি জেলা প্রশাসকের বাসভবন ও সার্কিট হাউসও। জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জানা গেছে, প্রবল বর্ষণে পাহাড়ি টিলার ওপর থেকে বৃষ্টির পানির তোড়ের সঙ্গে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া এলাকায় পাহাড়ধস হয়৷ ফলে সকাল সাতটা থেকে কমলগঞ্জের সঙ্গে শ্রীমঙ্গলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ সড়কের উভয়দিকে শতাধিক যানবাহন আটকা পড়ে৷ বিকেল চারটার দিকে মাটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়৷ একই স্থানের রেলসেতুর মাঝখানে পাহাড়ধসে মাটি পড়ায় এবং ঢলের পানি ওঠায় সিলেটের সঙ্গে অন্যান্য স্থানের ট্রেন চলাচল আধা ঘণ্টা বন্ধ থাকে৷ খবর পেয়ে ইউএনও মো. জাহিদুল ইসলাম মিঞা ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার নির্দেশ দেন৷ শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার আবদুল আজিজ জানান, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী ডেমু ট্রেন ভানুগাছ স্টেশনে আধা ঘণ্টা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা ট্রেন শমশেরনগর স্টেশনে ১৫ মিনিট আটকা পড়ে৷ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তনগর উদয় এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে আধা ঘণ্টা আটকা পড়ে। গণপূর্ত (রেল) বিভাগের লোকজন এসে রেলপথ থেকে মাটি সরিয়ে পানিনিষ্কাশন করার পর সকাল সোয়া ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়৷